ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিল নাডু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এই পাঁচটি অঞ্চলের ২০ কোটিরও বেশি মানুষ ভোট প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। সবগুলো অঞ্চলেই সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে একটানা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।
সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কেরালা, তামিল নাডু ও পুদুচেরিতে প্রথম পর্বের ভোট গ্রহণ মাধ্যমেই নির্বাচন সম্পন্ন হবে। আসামে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় ও চূড়ান্ত পর্বের ভোট। আর পশ্চিমবঙ্গে তৃতীয় পর্বের এ ভোটের পর আরও পাঁচ পর্বে ভোট গ্রহণ করা হবে।
এ পর্বে পশ্চিমবঙ্গ বিধানসভার ৩১টি আসনে ভোট হচ্ছে। রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং দিল্লিতে ক্ষমতাসীন বিজেপি সবগুলো আসনে লড়ছে। বামদের সঙ্গে ‘সংযুক্ত মোর্চা’ গঠন করে ভোটের লড়াইয়ে নামা কংগ্রেস আজকের দফায় অনুষ্ঠিত আসনগুলোর মধ্যে সাতটিতে প্রার্থী দিয়েছে। এই জোটের সিপিএম ১৩টি আসনে এবং বাকি ১১ আসনে জোটসঙ্গী আইএসএফ, এআইএফবি ও আরএসপির প্রার্থীরা লড়ছে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পরই তিন জেলার ৩১ আসনের বুথে বুথে ভোটারদের লাইন দেখা যায়। ২০১৬ সালে এই আসনগুলোর মধ্যে ২৯টি জয় পেয়েছিল তৃণমূল এবং ৫০ শতাংশের বেশি ভোট নিজেদের দিকে টানতে পেরেছিল।
কোনও দুর্ঘটনা ছাড়াই ভোটদান চললেও হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে পাশে এক তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম ও ভিভিপ্যাট উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।
এর আগে পশ্চিমবঙ্গের ২৭ মার্চ ও ১ এপ্রিলের দুই দফার ভোট সম্পন্ন হয়েছিল।
আসামে ক্ষমতাসীন বিজেপিকে লড়তে হচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘মহাজোটের’ সঙ্গে। রাজ্যে মঙ্গলবার চূড়ান্ত পর্বে ৪০টি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে। এবার যে আসনগুলোতে ভোট হচ্ছে, ২০১৬-র নির্বাচনে তার ১৫টিতে বিজেপি-এজেপি জোট জয় পেয়েছিল; তাদের তৎকালীন জোট সঙ্গী বিপিএফ পেয়েছিল আটটি আসন আর কংগ্রেস ১১টি ও এআইইউডিএফ ছয়টি আসনে জিতেছিল।।
তামিল নাডু বিধানসভার ২৩৪টি আসনের সবগুলোতে মঙ্গলবার এক পর্বেই ভোট গ্রহণ করা হচ্ছে। এদিন প্রতিবেশি কেরালার বিধানসভারও ১৪০ আসনের সবগুলোতে ভোট হচ্ছে। বর্তমানে প্রেসিডেন্ট শাসনে থাকা পুদুচেরি বিধানসভার ৩০টি আসনেও ভোট হচ্ছে।