এক কালের শক্ত ঘাঁটিতে অস্তিত্ব সংকটে কংগ্রেস!

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দৃশ্যত দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পথে তৃণমূল কংগ্রেস। প্রায় শখানেক আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকতে পারে বিজেপি। প্রথম কয়েক রাউন্ডের গণনার পর যা খবর, তাতে মুর্শিদাবাদের ২০টি আসনের মধ্যে ১৬টিতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বাকি চারটি আসনে এগিয়ে বিজেপি। একদা শক্ত ঘাঁটি বলে পরিচিত মুর্শিদাবাদে একটিও আসনে এগিয়ে নেই কংগ্রেস।

শুধু মুর্শিদাবাদ নয়, লাগোয়া জেলা মালদহেও সবুজ ঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রথম চার রাউন্ড গণনার পর মালদহের ১২টি আসনের মধ্যে আটটিতেই এগিয়ে তৃণমূল। তিনটিতে এগিয়ে বিজেপি। আর ইংরেজবাজার আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের মধ্যে। অথচ প্রয়াত গণি খানের জেলায় হয়তো খাতাই খুলতে পারবে না কংগ্রেস।

২০১৬ সালে এই মালদহে উল্টো ছবি দেখা গিয়েছিল। সেবার মালদহে একটিও আসন পায়নি তৃণমূল। লোকসভা নির্বাচনেও মালদহে দাপট দেখিয়েছিল বিজেপি। কিন্তু একুশের ভোটের ইভিএম খুলতেই ছবিটা বদলে গেলো।