ভারতে ষাঁড়ের লড়াইয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ভারতে ষাঁড়ের লড়াইয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দক্ষিণাঞ্চলীয় তামিলনাডু রাজ্যে দুই হজার বছর ধরে চালু থাকা জনপ্রিয় এই লড়াইকে সুপ্রিম কোর্ট গত বছর নিষিদ্ধ করেছিল।

এই ষাঁড়ের লড়াইকে বলা হয় জাল্লিকাটু উৎসব। অনুষ্ঠিত হয় বছরে একবার, জানুয়ারি মাসে। এর পাশাপাশি এই জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হয় ধানেক্ষেত থেকে ফসল তোলার উৎসবও।

India bull fight

এসব অনুষ্ঠানে দুরন্ত ষাঁড়ের ধারালো শিং-এ পুরস্কার বাঁধা থাকে এবং হাজার হাজার পুরুষ ওই ষাঁড়কে তাড়া করে তাদের শিং থেকে পুরস্কার ছিনিয়ে নেন।

প্রাণীদের অধিকার রক্ষায় যারা আন্দোলন করেন তাদের আপত্তির মুখে সুপ্রিম কোর্ট ২০১৪ সালে এই লড়াই নিষিদ্ধ ঘোষণা করেন।

রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো এই নিষেধাজ্ঞার সমালোচনা করে আসছিল। তারা বলছে, এটি তামিলনাডুর সংস্কৃতির একটি অংশ।

জাল্লিকাটু ভারতের প্রাচীনতম একটি খেলা; যা আধুনিক ভারতে এখনও খেলা হয়। এই খেলায় বহু মানুষ হতাহত হয়েছে।

সরকারের তরফ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এখন এই লড়াই আবার চালু হবে এ মাসেই।

ষাঁড়কে হত্যা করা না হলেও সমালোচকরা জাল্লিকাটু উৎসবকে অত্যন্ত বর্বর বলে উল্লেখ করেন। কারণ এ সময় ষাঁড়কে জোর করে মদ পান করানো হয় এবং তাদের চোখে মরিচের গুঁড়ো মেখে দেওয়া হয়।

সমালোচনার মুখে জাল্লিকাটুর আয়োজকরা অবশ্য এখন বলছেন, নিষ্ঠুরতার হাত থেকে প্রাণীকে বাঁচাতে তারা কিছু বিধিনিষেধ চালু করবেন। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/