বিজেপি কাউন্সিলরকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখতে বললেন দিলীপ ঘোষ

নিজ দলের কাউন্সিলরকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখতে বললেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমনকি ওই কাউন্সিলরের বাড়ির সামনে গিয়ে মলত্যাগ করতেও বলেছেন তিনি।

একই দলের রাজনীতি করেও কেন এমন কথা বিজেপির রাজ্য সভাপতির গলায়? দলীয় সূত্রের খবর, মূলত মেজাজ হারিয়ে এদিন এমন মন্তব্য করেছিলেন দিলীপ।

খড়গপুর গ্রামীণ এলাকার বন্যাদুর্গতদের দেখতে গিয়ে পানিবন্দি স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। জানতে পারেন ওই ওয়ার্ডের কাউন্সিলর বিজেপির।

এরপরেই মেজাজ হারান দিলীপ। বলেন, ‘ওর বাড়িতে গিয়ে মলত্যাগ করে আসুন। যাতে বাড়ি থেকে বেরোতে না পারে। প্রয়োজনে ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন।’

জানা গেছে, দুই নম্বর ওয়ার্ডের অসুস্থ এক বিজেপি কর্মীকে দেখতে গিয়েই এভাবে দলের বিড়ম্বনা বাড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। খড়গপুরে যাওয়ার আগের দিন ঘাটাল পরিদর্শন করেন তিনি।

স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার মানুষ দীর্ঘ দিন ধরেই পানির কষ্টে ভুগছেন। দিলীপকে কাছে পেয়ে কাউন্সিলরের নামে অভিযোগ জানান স্থানীয়রা। তখনই মেজাজ হারান তিনি। স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘এতো দিন কি ঘুমাচ্ছিলেন? এমপি কোটার তহবিল আমি পৌরসভাকে দিয়েছি। আমার দেওয়া তহবিলে কোনও কাজ করেনি পৌরসভা। পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ দেখান। রাস্তায় যান, পথ আটকান। আমি আপনাদের সঙ্গে রয়েছি।’

মেজাজ সপ্তমে চড়িয়ে দিলীপবাবু আরও বলেন, ‘সব কিছু কি দিলীপ ঘোষ করে দেবে? আপনারা বাড়িতে ঘুমিয়ে থাকুন। টাকাও দেবে, আবার অভিযোগও শুনতে হবে দিলীপ ঘোষকে।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।