কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডার অ্যাট লার্জ রাশাদ হোসাইনের মন্তব্য খারিজ করেছে ভারত। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, অনুপ্রাণিত হয়ে আমাদের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে মন্তব্য বাঞ্ছনীয় নয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এখবর জানিয়েছে।
এক টুইট বার্তায় রাশাদ হুসাইন বলেছিলেন, ধর্মীয় স্বাধীনতার মধ্যে একজনের ধর্মীয় পোশাক বেছে নেওয়ার ক্ষমতা অন্তর্ভুক্ত। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করাতে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন হয়।
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় অরিন্দম বাগচি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে পোশাকের বিষয়টি কর্ণাটকের হাইকোর্টে বিচার বিভাগীয় পর্যবেক্ষণে রয়েছে। আমাদের সাংবিধানিক ফ্রেমওয়ার্ক ও মেকানিজম এবং আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ ও নীতির আলোকে বিষয়টি বিবেচনায় নিয়ে সমাধান হবে।
অরিন্দম বাগচি আরও জানান, অভ্যন্তরীণ বিষয়ে এ ধরনের মন্তব্যকে স্বাগত জানাবে না ভারত। যারা ভারত সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন, তারা যথাযথ বাস্তবতা উপলব্ধি করতে পারবেন।
উল্লেখ্য, স্কুলে শিক্ষার্থীদের হিজাব পরা নিয়ে ভারতের কর্ণাটকে উত্তেজনা সৃষ্টি হলে কিছু শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। বিষয়টি এখন কর্ণাটকের উচ্চ আদলতে পর্যবেক্ষণে রয়েছে।