বাংলাদেশ থেকে উড়ে এলো বেলুন, খুশি শিক্ষার্থীরা

ভারত-বাংলাদেশ সীমান্তের অনেকটা জুড়ে কাঁটাতারের বেড়া। নজরদারির জন্য রয়েছে একদিকে বিএসএফ, অন্যদিকে বিজিবি সদস্যরা। সীমান্তে কঠোর নিরাপত্তার মধ্যেই ভারতে উড়ে এলো বেলুন ও ফেস্টুন।

ভারতের দিনহাটা দুই নম্বর ব্লকের দক্ষিণ কিশামত দশগ্রাম এনপি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার (২১ জুলাই) বেলুন এসে পড়ে। শিক্ষার্থীরা তা হাতে পেয়ে বেজায় খুশি। বেশ কয়েকটি বেলুন ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানের ব্যানারও উড়ে এসে পড়ে স্কুলের মাঠে।

শিক্ষার্থীরা বেলুন ও ব্যানার নিয়ে যায় স্কুল শিক্ষকদের কাছে। শিক্ষকরা জানতে পারেন, বাংলাদেশের উপজেলা শিক্ষা বিভাগের উদ্যোগে লালমনিরহাটের কালীগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের উদ্বোধনীতে ব্যানারসহ ছাড়া হয় গ্যাস বেলুন। বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটা দুই নম্বর ব্লকের সীমান্তের কিশামত দশগ্রাম এনপি প্রাথমিক বিদ্যালয়ে এসে পড়ে বেলুন।

স্কুল সূত্রে জানা গেছে, দুই দেশের সম্পর্ক আরও মজবুত করে তুলবে উড়ে আসা এই বেলুন। অভিভাবকরা বলছেন, স্কুলের মাঠে বাংলাদেশ থেকে উড়ে আসা বেলুন দুই দেশের সম্পর্ককে আরও সুন্দর করে তুলবে।

স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সৈকত সরকার জানান, এদিন মিড ডে মিলের জন্য ছাত্রছাত্রীরা যখন প্রস্তুতি নেয়, সে সময় কিছু রঙিন বেলুন উড়ে স্কুলের মাঠে পড়ে। পরে তা আমাদের হাতে দেয় শিক্ষার্থীরা। এতে লেখা রয়েছে, ‘বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ শুভ উদ্বোধন’।

বেলুন উড়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ব্লক প্রশাসনের এক কর্মকর্তাও।