বঙ্গবন্ধু সাহসী ছিলেন বলেই দেশ স্বাধীন হয়েছে: পশ্চিমবঙ্গে শাজাহান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অত্যন্ত সাহসী মানুষ। কোনদিন মৃত্যুকে ভয় পাননি। সে কারণে বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গের মানুষ আমাদের আশ্রয় না দিলে আজ বাংলাদেশ স্বাধীন হতো না। এখানকার মানুষের কাছে আমরা চিরঋণী। পশ্চিমবঙ্গের হাওড়া সফরে গিয়ে এ কথা বলেন মুক্তিযোদ্ধা এমপি শাজাহান খান।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীতে বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি পাশাপাশি বাংলাদেশের শ্রমিকদের ন্যূনতম মূল্যে চিকিৎসা পরিষেবা দিতে রবিবার (২৪ জুলাই) হাওড়া জেলার ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালের সঙ্গে মৌ চুক্তি করতে আসেন তিনি। সেখানে তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমি দেরাদুনে গিয়ে প্রশিক্ষণ নিয়েছিলাম। পরে কলকাতায় ফিরে দেশে গিয়ে যুদ্ধ করেছিলাম।

এমপি শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। খাদ্যশস্য থেকে বিদ্যুৎ মাছ থেকে গবাদি পশু এখন কোনও কিছুর ঘাটতি নেই। শেখ হাসিনার আমলে বাংলাদেশ মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, ‘উভয় বাংলার মধ্যে কাঁটাতারের বেড়া থাকলেও দুই দেশের ভাষা সংস্কৃতি সাহিত্য কৃষ্টির মধ্যে কোনও কাঁটাতারের বেড়া নেই। আমরা একে অপরের বন্ধু এবং আত্মীয়।

চিকিৎসা ক্ষেত্রে মৌর চুক্তি সম্পর্কে শাজাহান খান বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশের ৬২টি গার্মেন্টস ফেডারেশনের শ্রমিকরা ফুলেশ্বরের এই সঞ্জীবন হাসপাতালে স্বল্পমূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। যেটা তাদের ক্ষেত্রে অনেক উপকার হবে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে মৌ চুক্তি সম্পর্কে সঞ্জীবন হাসপাতালের কর্ণধার  ডা. শুভাশিস মিত্র জানান, স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া আমাদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্য এবার আমরা দেশের বাইরে ছড়িয়ে দিলাম’।