আটকের একদিন পরই জামিন পেলেন মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করা বিজেপি নেতা টি.আর. রাজা সিং। তার মন্তব্য নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হলে ‘ধর্মের নামে বিদ্বেষ’ ছড়ানোর অভিযোগে মঙ্গলবার তাকে আটক করেছিল পুলিশ। এর একদিনের মাথায় বুধবার তাকে জামিন দিয়েছেন ভারতের আদালত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, পুলিশি হেফাজতে রাখার আবেদন প্রত্যাখ্যান করে তেলেঙ্গানার বিজেপি দলীয় বিধায়ক টি. আর. রাজা সিংকে জামিন দিয়েছেন আদালত।
কয়েক মাস আগে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করলে মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। মধ্যপ্রাচ্যে ভারতীয় পণ্য বর্জনেরও ডাক আসে। সমালোচনার মুখে ওই সময়ে নূপুর শর্মাকে বহিষ্কারের ঘোষণা দেয় বিজেপি। ওই ঘটনার কয়েক মাসের মাথায় ফের ইসলামের নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন আরেক বিজেপি নেতা। বিতর্ক ছড়িয়ে পড়লে নূপুর শর্মার মতো টি. আর. রাজা সিংকেও বরখাস্তের ঘোষণা দেয় বিজেপি। তবে ওই ঘোষণার পরও বুধবার জামিন পাওয়ার পর পার্টি অফিসে তাকে বীরের মতো স্বাগত জানানো হয়।
টি. আর. রাজা সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা, ধর্মীয় অনুভূতিকে আহত করার জন্য ধর্ম বা ধর্মীয় বিশ্বাসের অবমাননার দায়ে মামলা হয়েছিল। এক পর্যায়ে ব্যাপক সহিংসতার পর আটক হলে তাকে দল থেকে বরখাস্তের ঘোষণা দেয় বিজেপি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, সোমবার রাতে শহরের পুলিশ কমিশনার সিভি আনন্দের অফিসের সামনে এবং হায়দ্রাবাদের অন্যান্য অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম)-এর একদল বিধায়ক এবং গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্পোরেটররা থানায় গিয়ে টি. আর. রাজা সিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
হায়দরাবাদের বিক্ষোভকারীরা বলেছেন, রাজা সিং তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন। তার গ্রেফতারের দাবিতে সেখানকার বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের হেফাজতে নেওয়া হয়। পরে তাদের বিভিন্ন থানায় স্থানান্তর করা হয়।
এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘তারা শুধু নূপুর শর্মাকে নিয়ে সন্তুষ্ট নয়। বরং অন্য বিধায়কদেরও এখন এসব বলতে বাধ্য করছে! এটা কী তাদের অফিসিয়াল পলিসি?’
তিনি বলেন, ‘মানুষ ক্ষুব্ধ। লোকজনের চোখে পানি। কেন তারা নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে এমন কথা বলছে? আমাদের দাবি, বিজেপির এসব করা বন্ধ করা উচিত। লোকজন দেখতে পাচ্ছে, আপনারা নবীকে কতটা ঘৃণা করেন।’
মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে ১০ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছিলেন টি. আর. রাজা সিং। গ্রেফতারের সময় সাংবাদিকদের তিনি বলেছিলেন, তার ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সরিয়ে দিয়েছে। তবে মুক্তির পর তিনি ভিডিও ক্লিপটির দ্বিতীয় অংশও আপলোড করবেন।
তার ভাষায়, ‘তারা ইউটিউব থেকে আমার ভিডিও সরিয়ে দিয়েছে। আমি জানি না, পুলিশ কী করতে যাচ্ছে। একবার আমি মুক্তি পেলে দ্বিতীয় অংশ অবশ্যই আপলোড করা হবে। আমি এটা ধর্মের জন্য করছি। আমি ধর্মের জন্য মরতে প্রস্তুত।’