‘আমরা নিজেদের মধ্যে লড়াই করছি’

ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেছেন, দেশের সীমান্তে শত্রুদের কাছে শক্তি দেখানোর পরিবর্তে আমরা নিজেদের মধ্যে লড়াই করছি। নাগপুরে বৃহস্পতিবার ‘সংঘ শিক্ষা ভার্গ’ (আরএসএস ক্যাডারদের প্রশিক্ষণ শিবির) এর সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন আরএসএস প্রধান।

তিনি বলেন, ‘ভারতের প্রতিটি নাগরিকের উচিত দেশের ঐক্য ও অখণ্ডতা বাড়ানোর চেষ্টা করা।’

ভারতীয় সমাজে ধর্ম এবং ধর্মের সঙ্গে সম্পর্কিত কিছু বিভেদ রয়েছে জানিয়ে ভাগবত বলেন, ‘সীমান্তে উত পেতে বসে থাকা শত্রুদের সামনে আমরা আমাদের শক্তি দেখাচ্ছি না। আমরা নিজেদের মধ্যে লড়াই করছি। আমরা ভুলে যাচ্ছি যে আমাদের দেশ এক।’

তিনি বলেন, ‘প্রত্যেকেরই ভারতের ঐক্য এবং অখণ্ডতা শক্তিশালী করার চেষ্টা করা উচিত। যদি কোনও ত্রুটি থাকে তাহলে আমাদের সবাইকে সেগুলো নিয়ে কাজ করতে হবে।’

বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট এবং কোভিড-১৯ মহামারির মধ্যেও ভারত অন্যান্য দেশের তুলনায় ভাল করেছে জানিয়ে তিনি বলেন, ‘এ বছর জি-২০ এর সভাপতিত্ব পেয়েছে ভারত। এটা নিয়ে গর্ব করা যেতে পারে।’

সূত্র: এনডিটিভি