দুই ধনকুবেরের লড়াই

মাস্কের স্টারলিঙ্কের নজর ভারতে, ঠেকাতে চাইছেন আম্বানি

মার্কিন ধনকুবের ইলন মাস্ক তার স্টারলিঙ্ক স্যাটেলাইট ব্রডব্যান্ড ভারতে নিয়ে আসতে উন্মুখ। কিন্তু বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি এক্ষেত্রে এশিয়ার শীর্ষ ধনী ভারতের টেলিকম জায়ান্ট রিলায়েন্স জিও-এর মালিক মুকেশ আম্বানির কঠোর বিরোধিতার মুখে পড়ছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর ইলন মাস্ক বলেছেন, ভারতে স্টারলিঙ্ক চালু করতে তিনি আগ্রহী। যা প্রত্যন্ত ভারতীয় গ্রামে ইন্টারনেট পৌঁছে দিতে পারবে।

এই উদ্যোগের ফলে যে আম্বানির রিলায়েন্সের সঙ্গে স্টারলিঙ্কের বিরোধের সূত্রপাত হবে তা সম্পর্কে কিছু বলেননি মাস্ক।

দরপত্রের মাধ্যমে স্পেক্ট্রাম পেতে চায় না স্টারলিঙ্ক। বৈশ্বিক প্রবণতার সঙ্গে সামঞ্জস্য রেখে তারা লাইসেন্স পেতে চায়। দরপত্র হলে ভৌগলিক বাধায় মূল্য বেড়ে যেতে পারে।

কিন্তু রিলায়েন্স সরকারের কাছে উন্মুক্ত দরপত্রের আহ্বান জানাচ্ছে। তারা বলছে, বিদেশি স্যাটেলাইট সেবাদানকারীরা ভয়েস ও ডেটা সেবার প্রস্তাব দিতে পারে এবং বিদ্যমান টেলিকম কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় আসতে পারে। ফলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য অবশ্যই দরপত্র হতে হবে।

এই বিরোধের তীব্রতার ইঙ্গিত দিয়ে ভারতের সংশ্লিষ্ট খাতের একটি সূত্র জানিয়েছে, ভারত সরকার যাতে স্যাটেলাইটের স্পেক্ট্রামের জন্য দরপত্র আহ্বান করে এবং বিদেশি কোম্পানির দাবিতে সম্মত না হয় সেজন্য চাপ প্রয়োগ অব্যাহত রাখবে রিলায়েন্স।

মাস্কের জন্য ভারতে স্টারলিঙ্ককে নিয়ে আসা গুরুত্বপূর্ণ। এর আগে ২০২১ সালেও লাইসেন্স ছাড়াই স্টারলিঙ্ক চালু করতে চেয়েছিলেন তিনি। এছাড়া ভারতে ইলেক্ট্রিক কার নির্মাতা টেসলার কারখানা স্থাপনের জন্যও ভারতীয় সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি।

আম্বানির জন্য বিদেশি কোম্পানিকে প্রতিযোগিতা থেকে দূরে রাখতে পারা হবে আরেকটি বিজয়। ইতোমধ্যে রিলায়েন্স জিও ৪৩৯ মিলিয়ন টেলিকম ব্যবহারকারী পেয়েছে। এছাড়া তাদের ৮ মিলিয়ন ব্রডব্যান্ড ব্যবহারকারী রয়েছেন।