মহারাষ্ট্রে বাস দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জন নিহত

টায়ার বিস্ফোরণের ফলে বাসটি নিয়ন্ত্রণ হারায়। পরে একটি রোড ডিভাইডারে বিধ্বস্ত হয় বাসটি। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। এতে অন্তত ২৫ জন নিহত হন। ঘটনাটি ঘটে ভারতের মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলার একটি হাইওয়েতে শনিবার স্থানীয় সময় রাত দেড়টার দিকে।

পুলিশ কর্মকর্তা সুনীল কাদসনে বলেন, ‘দুর্ঘটনাটি যখন ঘটে তখন বাসে ৩৩ জন ছিলেন। জীবিত ৮ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

স্থানীয় পুলিশের বরাতে আল জাজিরা খবরে বলা হয়, বাসটি সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়ে দিয়ে নাগপুর থেকে পুনে যাচ্ছিল। ডিভাইডারে আঘাত হানার পরপর বাসের জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে যায়।

পুলিশ জানিয়েছে, বেশির ভাগ মৃত্যুই হয়েছে আগুনের কারণে।

এ ঘটনায় শোক জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রত্যেক নিহতের পরিবারকে ৭ লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন তারা।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে লেখেন, ‘যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক।’

 

 

বেপরোয়া ড্রাইভিং, রক্ষণাবেক্ষণহীন রাস্তা এবং ফিটনেসবিহীন যানবাহনের কারণে ভারতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটনা।পুলিশের হিসাবে, ভারতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান।

সূত্র: আল জাজিরা