ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারত। চাঁদের স্পর্শকাতর দক্ষিণ মেরুর একেবারে কাছাকাছি অবস্থান করছে চন্দ্রযান-৩। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, আগামী ২৩ আগস্ট সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদে স্পর্শ করবে ল্যান্ডার বিক্রম। তবে শেষ সময়ে কী ঘটে তা অনুমান করা মুশকিল। কারণ, সামান্য দুর্ঘটনাতেই সব শেষ হয়ে যেতে পারে।
চাঁদের নতুন ছবি পাঠিয়েছে চন্দ্রযানটি। এসব ছবিতে চাঁদের বড় বড় গর্তগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম দ্বারা তোলা হয়েছে ছবিগুলো।
রাশিয়ার মহাকাশযান লুনা-২৫ নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদে বিধ্বস্ত হওয়ার একদিন পর ছবিগুলো প্রকাশ হয়েছে। প্রায় ৫০ বছর পর প্রথমবার চন্দ্র অভিযানে নামে মস্কো। গন্তব্যে পৌঁছানোর আগেই চাঁদের বুকে বিধ্বস্ত হয়।
ইসরো রবিবার জানিয়েছে, ল্যান্ডার মডিউলটি সফলভাবে চাঁদের কাছাকাছি কক্ষপথে নামানো হয়েছে। সফল হলে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম অবতরণ করবে ভারত। তবে অভিযান সফল হলে বিশ্বে ভারত হবে নিরাপদে চাঁদের মাটিতে নামতে পারা চতুর্থ দেশ।
গত ১৪ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে সফল উৎক্ষেপণ হয় ‘চন্দ্রযান-৩’।
২০১৯ সালেও চাঁদের উদ্দেশে রওনা দিয়েছিল ভারতের চন্দ্রযান ২। কিন্তু ব্যর্থ হয়। চাঁদে নামার একেবারে কাছাকাছি এসে বিধ্বস্ত হয় ল্যান্ডারটি।
সূত্র: বিবিসি