সুড়ঙ্গে আটকে পড়া ৪০ শ্রমিক বেঁচে আছেন, দেওয়া হচ্ছে খাবার-অক্সিজেন

ভারতের উত্তরাখণ্ডের নির্মাণাধীন সুড়ঙ্গের একাংশ ভেঙে পড়ে অন্তত ৪০ জন শ্রমিক আটকা পড়েছেন। রবিবার স্থানীয় সময় ভোর পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, ৪০ জন শ্রমিক জীবিত আছেন, তাদের উদ্ধারে কাজ চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে । 

পুলিশের পাশাপাশি উদ্ধার অভিযান পরিচালনা করছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্স (এসডিআরএফ)।

স্থানীয় এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ৪০ জনের সবাই জীবিত আছেন, তাদেরকে সুড়ঙ্গের ভাঙা অংশের কিছুটা সরিয়ে খাবার, পানি ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভারী যন্ত্রপাতি ব্যবহার করে টানেলের মুখটি খোলার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত ২০ মিটার পর্যন্ত খোলা সম্ভব হয়েছে, আরও ৩৫ মিটার বাকি রয়েছে।

ছবি ও ভিডিওতে দেখা গেছে, কংক্রিটের বিশাল স্তুপ সুড়ঙ্গের প্রবেশ পথ আটকে দিয়েছে। 

পুলিশ জানিয়েছে, এই সুড়ঙ্গের দৈর্ঘ্য সাড়ে চার কিলোমিটার। ১৫০ মিটার দীর্ঘ একটি অংশ রবিবার ভোরে ভেঙে পড়ে।