বিনা পাসপোর্টে পশ্চিমবঙ্গে আটক ৩ বাংলাদেশি

বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ করার কারণে পশ্চিমবঙ্গে আটক হয়েছেন তিন বাংলাদেশি নাগরিক। বিনা পাসপোর্টে যাওয়ার কারণে শনিবার মুর্শিদাবাদের রানিতলা থেকে ওই তিন যুবককে গ্রেফতার করে পুলিশ।

আটক হওয়া তিন যুবকের নাম জালেম শেখ, নুর আলম ও ইরান শেখ।

পুলিশ সূত্রে জানা যায়, রানিতলা থানার অন্তর্গত কামারপাড়া এলাকা থেকে তিন যুবককে আটক করা হয়। সেখানে তারা ঘোরাফেরা করছিলেন। এ সময় তাদের সন্দেহ হলে আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তিন যুবকের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলায়। তাদের কাছ থেকে ভারতে প্রবেশের কোনও বৈধ নথিপত্র পাওয়া যায়নি। তাদের কাছে থাকা মোবাইল ফোন পরীক্ষা করে বাংলাদেশের সিম কার্ড পাওয়া যায়।

কেন তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন, এ রিপোর্ট লেখা পর্যন্ত জিজ্ঞাসাবাদে তারা কোনও উত্তর দেননি। পরে তাদের লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।