ভাবিকে পুড়িয়ে মারলো দেবর

ভারতের মধ্যপ্রদেশ অঙ্গরাজ্যের রাতলাম জেলায় ভাবিকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে দেবর। শনিবার (২৪ ডিসেম্বর) ভাইয়ের মৃত্যুর প্ররোচনার অভিযোগে নির্মলাকে হত্যা করেছে সুরেশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

স্থানীয় পুলিশ শনিবার জানিয়েছে, ঘরের ভেতরে নির্মলাকে অনেক নির্যাতন করে সুরেশ। তারপর তাকে ঘর থেকে টেনে বাইরে নিয়ে আসে। বাইরে এনে নির্মলার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সুরেশ। ঘটনাস্থলেই তিনি মারা যান।

শরীরে আগুন ধরিয়ে দেওয়ার পর নির্মলার ভাইকে ফোন করে সুরেশ বলে, তোর বোনের শরীরে আগুন ধরিয়ে দিয়েছি। তাকে মেরে ফেলবো।

সুরেশের ফোন পেয়ে নির্মলার ভাই তার শ্বশুর বাড়ি ছুটে গিয়ে দেখে, নির্মলাকে সুরেশ মেরে ফেলেছে। সুরেশকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ছয় মাস আগে নির্মলার স্বামী প্রকাশ আত্মহত্যা করেন। প্রকাশের মৃত্যুর জন্য নির্মলাকে দায়ী করেন তার বড় ভাই সুরেশ। এই অভিযোগের পরও দুই সন্তান নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন নির্মলা।