সম্পর্কের তিক্ততার জেরে ভারতের কর্ণাটকের তুমাকুরু জেলার একটি ব্যস্ত মহাসড়কে চলন্ত গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কথিত অপহৃত তরুণী চলন্ত গাড়ি থেকে লাফিয়ে জীবন বাঁচানোর কয়েক মুহূর্ত পরই গাড়িটিতে এই বিস্ফোরণ ঘটে। এতে গাড়ির ভেতরেই জ্যান্ত পুড়ে মারা গেছেন অপহরণে অভিযুক্ত ৩০ বছর বয়সী এক যুবক।
শনিবার (২৭ জুন) সিরা তালুকের জোগিহাল্লির কাছে ৪৮ নম্বর জাতীয় সড়কে এই ঘটনা ঘটে। হঠাৎ গাড়িটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটলে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। এতে নাগেন্দ্র নামের ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে অপহৃত তরুণী এবং উবার ক্যাব চালক প্রবীণ আহত হয়েছেন। তাদের উদ্ধার করে তুমাকুরু জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নাগেন্দ্র এবং বেঙ্গালুরুর একটি অপারেশন থিয়েটারের টেকনিশিয়ান হিসেবে কর্মরত ওই তরুণী আগে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে সম্প্রতি তাদের বিচ্ছেদ হয়ে যায়। ব্যক্তিগত বিরোধের জেরে ওই তরুণী নাগেন্দ্রর ফোন নম্বর ব্লক করে দিয়েছিলেন বলে তদন্তকারীরা জানিয়েছেন।
পুলিশের অভিযোগ, শনিবার সকালে বেঙ্গালুরুর জয়নগরে তরুণীর ভাড়া বাসায় গিয়ে নাগেন্দ্র বাগবিতণ্ডায় জড়ান এবং পরে একটি হলুদ নম্বরের উবার ক্যাবে করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান। তরুণী নিখোঁজ হওয়ার পর তার বাবা-মা জয়নগর থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন।
আনকোলার দিকে যাওয়ার পথে নাগেন্দ্র ওই তরুণীকে নিজে আত্মহত্যা করার আগে তাকেও মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের ধারণা, নাগেন্দ্রর সাথে একটি বিস্ফোরক ডিভাইস ছিল, যা তিনি সফরের সময় তরুণীকে দেখিয়েছিলেন।
ভীতিকর এই যাত্রা চরম রূপ নেয় জোগিহাল্লির কাছে পৌঁছালে। চলন্ত গাড়ির ভেতরেই নাগেন্দ্র ছুরি দিয়ে তরুণীকে আক্রমণ করেন বলে অভিযোগ। চালক তাৎক্ষণিকভাবে গাড়িটি থামালে তরুণী দরজার লক খুলে লাফ দিয়ে নিরাপদ স্থানে চলে যান।
এর কয়েক মুহূর্তের মধ্যেই গাড়িটিতে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং পুরো বাহনটি আগুনে দাউদাউ করে জ্বলতে থাকে। কোনও সাহায্য পৌঁছানোর আগেই নাগেন্দ্র গাড়ির ভেতরে আটকা পড়ে জ্যান্ত পুড়ে মারা যান। এই বিস্ফোরণের কারণে ব্যস্ত মহাসড়কটিতে এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
তুামাকুরুর পুলিশ সুপার অশোক কে.ভি. জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে নাগেন্দ্র সাথে করে বিস্ফোরক ডিভাইস বহন করছিলেন এবং তিনি নিজেই ইচ্ছাকৃতভাবে এই বিস্ফোরণ ঘটিয়েছেন। গাড়িটি থেকে বোমা সদৃশ বিস্ফোরক উপাদান উদ্ধার করা হয়েছে। এই বিস্ফোরকের সঠিক প্রকৃতি কী ছিল, কীভাবে এটি বিস্ফোরিত হয়েছে এবং কোথা থেকে এটি সংগ্রহ করা হয়েছিল তা জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে