ভারতে প্রশ্নফাঁসবিরোধী দেশব্যাপী আন্দোলনে গ্রেফতার বা আটক হওয়া ১৮ বছরের কম বয়সী এবং যাদের বিরুদ্ধে কোনও অপরাধমূলক রেকর্ড নেই, এমন সব শিক্ষার্থীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২৮ জুলাই) দেওয়া অন্তর্বর্তী আদেশে আদালত এ নির্দেশ দেয়। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
একই সঙ্গে দিল্লির যন্তর-মন্তর এবং বিভিন্ন রাজ্যে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে হওয়া বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরের ভিত্তিতে কোনও ধরনের জোরপূর্বক ব্যবস্থা না নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।
প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, এই সুরক্ষা অপরাধমূলক পটভূমি রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তদন্তে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশও দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্ট।
আদালত জানিয়েছে, ওই তদন্তে পুলিশের ওপর হামলার অভিযোগও খতিয়ে দেখা হবে।
এদিকে এ বিষয়ে কেন্দ্র সরকার এবং মহারাষ্ট্র, বিহার, আসাম, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও দিল্লি সরকারের কাছে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট।