৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল রোলার চালিয়ে গুঁড়িয়ে দিলেন শুভেন্দু

‘নেশামুক্ত ভারত, নেশামুক্ত পশ্চিমবঙ্গ’ গড়ার লক্ষ্যে নিষিদ্ধ ফেনসিডিলের বিরুদ্ধে দ্বিতীয় দফায় বড় ধরনের অভিযান চালিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বুধবার ইকোপার্কে প্রায় ৩ লাখ ১০ হাজার ফেনসিডিলের বোতল রোড রোলার দিয়ে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এ সময় নিষিদ্ধ ফেনসিডিলের বেআইনি কার্যক্রম নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ফেনসিডিলের ব্যবসা চলবে না। এই অপরাধের সঙ্গে যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

প্রধানমন্ত্রীর দেখানো পথে ‘নেশামুক্ত ভারত ২০২৯’ কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গে এ নিয়ে দ্বিতীয় দফায় নিষিদ্ধ ফেনসিডিল ধ্বংস করা হলো। শুভেন্দু বলেন, সম্প্রতি যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটেছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে নেশায় আসক্ত লোকেরাই বর্বরোচিত কাণ্ডে যুক্ত। এমনকী মহিলা সংক্রান্ত ঘটনাতেও যুক্ত তারা। নেশায় আসক্তদের জন্য রাজ্যের সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে।

শুভেন্দু জানান, এসটিএফের উদ্যোগে অসম থেকে কুখ্যাত ড্রাগ মাফিয়া গ্রেফতার হয়েছে। ড্রাগ সিন্ডিকেট ভাঙতে এসটিএফের হাতে ক্ষমতা আছে এখন। বাংলার যুব সমাজকে বাঁচানোই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, বুধবার ৩ লাখ ১০ হাজার নিষিদ্ধ ফেনসিডিল নষ্ট করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩১ কোটি টাকা। এর আগে বালুরঘাটে ২০ কোটি টাকার নিষিদ্ধ ফেনসিডিলের ওপর বুলডোজার চালানো হয়েছিল।

এই প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে সমাজবিরোধীদের কাছেও পরোক্ষ বার্তা দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

এর আগে চলতি মাসের ২ তারিখ বালুরঘাটে সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে বালুরঘাট পুলিশ সুপার কার্যালয়ের সামনে নিজে রোড রোলার চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল ধ্বংস করেছিলেন শুভেন্দু অধিকারী। শুধু নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ ধ্বংস নয়, নেশামুক্ত বাংলা গড়ারও আহ্বান জানিয়েছিলেন তিনি।

সূত্র: দুরন্ত বার্তা