ইরানি জেনারেলদের অপহরণ ও হত্যা করেছিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ২২:৩০ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২২:৩০

১৯৮৬ সালে লেবাননে বিমান বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ ইসরায়েলি বিমানবাহিনীর নেভিগেটর রন আরাদের সন্ধান পেতে ইরানের জ্যেষ্ঠ জেনারেলদের অপহরণ, নির্যাতন এবং অন্তত একটি ক্ষেত্রে হত্যা করেছিল ইসরায়েলি গোয়েন্দারা। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কয়েক ডজন কর্মকর্তার সাক্ষ্যের ভিত্তিতে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে ইসরায়েল এখন মনে করছে, এ বিষয়ে ইরানকে সন্দেহ করাটা তাদের ভুল ছিল।

প্রতিবেদনে বলা হয়, ১৯৮৬ সালে দক্ষিণ লেবাননে এক অভিযানের সময় প্যারাসুট নিয়ে নামার পর রন আরাদ শিয়া সশস্ত্র গোষ্ঠী আমালের হাতে ধরা পড়েন। বন্দি জীবনের প্রথম দুই বছর তার ছবি ও চিঠি পাওয়া গিয়েছিল, যার সর্বশেষটি আসে ১৯৮৮ সালের ৫ মে। এরপর থেকেই ইসরায়েলের ধারণা জন্মে যে ইরান তাকে নিজেদের হেফাজতে নিয়েছে।

১৯৯২ সালে মোসাদের এক কর্মকর্তা এক ইরানি চিকিৎসকের সন্ধান পান, যিনি ইরান ও লেবাননে আরাদকে চিকিৎসা দেওয়ার দাবি করেছিলেন। পলিগ্রাফ পরীক্ষায় অস্পষ্টতা এবং অর্থের বিনিময়ে তথ্য দেওয়ার প্রস্তাবের পর ওই চিকিৎসক নিখোঁজ হন। এরপর ১৯৯৪ সালে লেবানন থেকে আমাল মিলিশিয়ার জ্যেষ্ঠ সদস্য মুস্তাফা দিরানিকে অপহরণ করে ইসরায়েল। নির্যাতনের মুখে দিরানি জানান, তিনি আরাদকে বেকা উপত্যকার নবী চিত এলাকায় একটি পরিবারের জিম্মায় রেখেছিলেন, পরে সেখান থেকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাকে ইরানে নিয়ে যায়।

ইরানের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী আবতাহি নিউ ইয়র্ক টাইমসকে বলেন, রন আরাদের বিষয়টি সব জায়গায় আমাদের পিছু নিয়েছিল। প্রতিটি আন্তর্জাতিক বৈঠকে আমাদের রন আরাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হতো।

২০০৪ সালে জার্মানির মধ্যস্থতায় এক বন্দিবিনিময় চুক্তির আগে ইরান আইআরজিসি জেনারেল আবদুল্লাহ সাবেরিকে লেবাননে আরাদের বিষয়ে তদন্তের দায়িত্ব দেয়। সেই তদন্তে উঠে আসে, আরাদ নবী চিতেই মারা গেছেন এবং সেখানেই তাকে সমাহিত করা হয়েছে। সাবেক ইরানি প্রেসিডেন্ট আলী আকবর হাশেমি রাফসানজানি তার এক সন্তানের মাধ্যমে প্রতিবেদনটি জার্মানদের কাছে পাঠান। তবে ইসরায়েল উল্টো সাবেরির সম্পৃক্ততাকে আইআরজিসির জড়িত থাকার প্রমাণ হিসেবে ধরে নেয়। ২০০৬ সালে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত জানায়, ইরান বা হিজবুল্লাহ কেউই আরাদকে আটকে রাখেনি; কিন্তু সরকার ও মোসাদ তা উপেক্ষা করে।

সাবেক তিন মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, ওই বছরই মোসাদ এজেন্টরা তুরস্কের ইস্তাম্বুল থেকে আইআরজিসি-কুদস ফোর্সের জেনারেল আলিরেজা আসগারিকে অপহরণ করেন। একটি নৌযানে কয়েক সপ্তাহ জিজ্ঞাসাবাদ করেও কোনও তথ্য না পেয়ে তাকে হত্যা করে কৃষ্ণ সাগরে মরদেহ ফেলে দেওয়া হয়। তবে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করেছে।

এ ছাড়া ২০২১ সালে দামেস্কে জগিং করার সময় জেনারেল সাবেরিকেও অপহরণ করে ইসরায়েলে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ছেড়ে দেওয়া হয় বলে আরব গণমাধ্যমে খবর আসে।

এদিকে, ২০০৬ সালে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ জানান, আরাদ মারা গেছেন এবং ২০০৮ সালে ইসরায়েলও তাকে মৃত ঘোষণা করে। ইসরায়েলের প্রধান তত্ত্ব অনুযায়ী, ১৯৮৮ সালে হাসান শুকরের মৃত্যুর প্রতিশোধ নিতে আরাদকে হত্যা করা হয়েছিল। ২০২৫ সালে হাসান শুকরের ভাই লেবাননের অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা আহমেদ শুকর নিখোঁজ হন; এক বিচার বিভাগীয় কর্মকর্তার মতে, দুই সুইডিশ নাগরিকের প্রলোভনে পড়ে তিনি অপহৃত হন।

চলতি বছরের মার্চে আরাদের দেহাবশেষ উদ্ধারে নবী চিত এলাকায় কমান্ডো অভিযান ও ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল, যাতে অন্তত ৪১ জন নিহত হন। সে সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছিলেন, গত রাতের অভিযানে আমরা যা খুঁজছিলাম তা পাওয়া যায়নি, তবে আমাদের বন্দি ও নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে সব মিশন সম্পন্ন করার ক্ষেত্রে ইসরায়েলের এবং আমার ব্যক্তিগত অঙ্গীকার অটুট।

তবে আরাদের স্ত্রী পরে এক বিবৃতিতে জানান, দেহাবশেষ খুঁজতে গিয়ে ইসরায়েলি সেনাদের জীবন ঝুঁকিতে ফেলা হোক, তা তাদের পরিবার চায় না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে কাপড়ের দোকানের কর্মীকে ট্রায়াল রুমে গলা কেটে হত্যা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মক্কায় হুথিদের দুটি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি জোটের
সর্বশেষ খবর
সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
গোপালগঞ্জের সীমান্তবর্তী নাজিরপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ 
গোপালগঞ্জের সীমান্তবর্তী নাজিরপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ 
বেশিরভাগ কৃষক ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ
বেশিরভাগ কৃষক ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ
সংসদে ফোনে কথা বলায় এমপিকে স্পিকারের তিরস্কার
সংসদে ফোনে কথা বলায় এমপিকে স্পিকারের তিরস্কার
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ