দুপুরে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টে যাবে ইন্ডিয়া জোট

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও কথিত ভোট চুরির বিরুদ্ধে সোমবার দুপুর ৩টায় সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করবেন ইন্ডিয়া জোটের নেতারা। কংগ্রেস সংসদ সদস্য ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এ কথা জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

সোমবার ইন্দিরা ভবনে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচনি অনিয়মের অভিযোগ নিয়ে এক সংবাদ সম্মেলনে রাহুল জানান, সুপ্রিম কোর্ট অভিমুখে পরিকল্পিত ইন্ডিয়া জোটের মিছিল সবার জন্য উন্মুক্ত। তার ভাষ্য, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেউ চাইলেও যোগ দিতে পারেন।

রাহুল আরও দাবি করেন, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ২০০ কর্মকর্তা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তথ্য পাচার করছেন। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী মোদিকে বলতে চাই, আপনার সরকারের ভেতরের ২০০ কর্মকর্তা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তারা আমাদের তথ্য দিচ্ছেন।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) কথিত অনিয়মের প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া।

অভিজিৎ দিপকের নেতৃত্বাধীন কক্ষরোচ জনতা পার্টির (সিজেপি) পরিকল্পিত যন্তর মন্তর বিক্ষোভ ঘিরে টানা দুই দিন দিল্লিজুড়ে কড়া নিরাপত্তা ও আটকের পর এ মিছিল হচ্ছে। পুলিশ যন্তর মন্তরমুখী সড়কে ব্যারিকেড বসিয়েছে এবং বিক্ষোভকারীদের নির্ধারিত স্থানে জড়ো হওয়া ঠেকাতে গুরুত্বপূর্ণ মোড়ে সদস্য মোতায়েন করেছে।

রবিবার গভীর রাতে দিল্লি ট্রাফিক পুলিশ এক পরামর্শিকায় নয়াদিল্লি ও মধ্য দিল্লিতে যান চলাচলে বিঘ্নের সতর্কতা দিয়েছে। মাঠপর্যায়ের পরিস্থিতি অনুযায়ী সকাল ৬টা থেকে যান চলাচল ঘোরানো ও নিয়ন্ত্রণ কার্যকর হবে।