কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী জানিয়েছেন, প্রথমবার রাজীব গান্ধীকে দেখেই তার সঙ্গে সময় কাটানোর প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব করেছিলেন তিনি। রাজীবের সুদর্শন চেহারার পাশাপাশি তার কোমল স্বভাবও সোনিয়ার মনে গভীর ছাপ ফেলেছিল।
শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে নিজের আসন্ন বই ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে কথা বলতে গিয়ে এসব স্মৃতিচারণ করেন সোনিয়া। আগামী ১০ নভেম্বর বইটি প্রকাশিত হবে। এতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে তার স্মৃতি এবং তরুণ বয়স থেকে বর্তমান সময় পর্যন্ত জীবনের যাত্রা তুলে ধরা হয়েছে।
প্রায় দুই মিনিটের ওই ভিডিওতে সোনিয়া জানান, যুক্তরাজ্যের ক্যামব্রিজের একটি গ্রিক রেস্তোরাঁয় রাজীবের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। সেখান থেকেই তাদের ভালোবাসার গল্পের শুরু।
এক্সে প্রকাশিত ভিডিওতে সোনিয়া বলেন, ‘ক্যামব্রিজের একটি ছোট গ্রিক রেস্তোরাঁয় আমার ভালোবাসার যাত্রা শুরু হয়েছিল। রাজীব ও আমি ভালোবাসা, হাসি আর স্মৃতিতে ভরা একটি জগৎ তৈরি করেছিলাম। আগামী ১০ নভেম্বর সেই জগৎ আপনাদের সঙ্গে ভাগ করে নেব।’
স্মৃতিচারণে সোনিয়া বলেন, এক বন্ধুর মাধ্যমে রাজীবের সঙ্গে তার পরিচয় হয়েছিল। এরপর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া এবং একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার মধ্য দিয়ে তাদের বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়ে ওঠে। একবার অনেক শিক্ষার্থীর উপস্থিতিতে একটি ভালোবাসা দিবসের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তারা।
সোনিয়া জানান, সে সময় এখনকার মতো এত রেস্তোরাঁ ছিল না। ইতালীয় খাবারের কাছাকাছি স্বাদের খাবার পাওয়া যায়, এমন জায়গার খোঁজ করছিলেন তিনি। একপর্যায়ে তারা ওই গ্রিক রেস্তোরাঁটির সন্ধান পান। সেখানে ইউরোপীয় শিক্ষার্থীদের পাশাপাশি ভারতীয় শিক্ষার্থীরাও খেতে যেতেন।
রাজীবের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে সোনিয়া বলেন, ‘তার সঙ্গে দেখা হওয়ার পর প্রায় সঙ্গে সঙ্গেই মনে হয়েছিল, এমন একজন মানুষের সঙ্গে সময় কাটাতে আমার সত্যিই ভালো লাগে। পরে বুঝতে পেরেছিলাম, তার অনুভূতিও একই রকম ছিল।’
রাজীবের ব্যক্তিত্বের কথা বলতে গিয়ে সোনিয়া বলেন, তার সুদর্শন চেহারা তাকে আকৃষ্ট করেছিল ঠিকই, তবে তার কোমল স্বভাবও সোনিয়াকে গভীরভাবে স্পর্শ করেছিল।
সোনিয়ার ভাষায়, ‘তাকে খুব কোমল স্বভাবের মানুষ বলে মনে হতো। অবশ্যই তিনি খুব সুদর্শন ছিলেন, কিন্তু তার সেই কোমলতা প্রকাশ পেত। বিষয়টি আমাকে সত্যিই স্পর্শ করেছিল। রাজীবের সঙ্গে প্রথম দেখা হওয়ার সেই স্মৃতি আমি কখনও ভুলব না।
সোনিয়া গান্ধীর এক্স অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, তিনি ২০১৩ সালের ফেব্রুয়ারিতে এই প্ল্যাটফর্মে যোগ দেন। তবে সেখানে প্রকাশিত ভিডিওটি তার অ্যাকাউন্টের একমাত্র পোস্ট। এর দুই দিন আগে তিনি ইনস্টাগ্রামেও যোগ দেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
In a small Greek restaurant in Cambridge my journey of love began. Rajiv and I created a world filled with love, laughter and memories. On 10th November, I share that world with you. https://t.co/zvN5Rqqstf
— Sonia Gandhi (@SoniaGandhi) October 24, 2026