ভারত ভ্রমণ শেষে অটোরিকশা সঙ্গে নিয়ে গেলেন ব্রিটিশ দম্পতি

ছুটিতে বেড়াতে গিয়ে বেশির ভাগ মানুষ ফ্রিজ ম্যাগনেট, পোস্টকার্ড বা ছবি স্মারক হিসেবে নিয়ে ফেরেন। তবে ভারতের স্মৃতি ধরে রাখতে একেবারে ভিন্ন পথ বেছে নিয়েছেন এক ব্রিটিশ দম্পতি। হেলেন ও মিক ভারতজুড়ে ঘুরে বেড়ানো তিন চাকার অটোরিকশাটি ফেলে না এসে জাহাজে করে সোজা ব্রিটেনে নিয়ে গেছেন।

লাল-কালো রঙের প্রিয় বাজাজ অটোরিকশায় চড়ে ৭৫ দিন ভারত ঘুরেছেন দম্পতি। আদর করে তারা এর নাম দিয়েছিলেন টিমি দ্য টিন ক্যান। বিভিন্ন শহর, রাজ্য ও আগ্রা এবং তাজমহলসহ নানা দর্শনীয় স্থান পেরিয়ে যাওয়ার সময় বাহনটি তাদের কাছে শুধু যাতায়াতের মাধ্যম হয়ে থাকেনি।

সামনের অংশে আঁকা কার্টুনের চোখ আর হাসিমুখের কারণে যাত্রাপথে আলাদাভাবে চোখে পড়ত টিমি। সফর শেষে অটোরিকশাটি নিয়ে কী করবেন, সে সিদ্ধান্ত নেওয়া হেলেন ও মিকের জন্য কঠিন হয়ে ওঠে। হাজার হাজার কিলোমিটার একসঙ্গে পাড়ি দেওয়ার পর এই অস্বাভাবিক সঙ্গীকে ফেলে আসতে চাননি তারা।

শেষ পর্যন্ত তারা অটোরিকশাটি যুক্তরাজ্যে পাঠানোর ব্যবস্থা করেন। তবে টিমিকে দেশে আনতে সাধারণ যাত্রার চেয়ে অনেক বেশি সময় লেগেছে। ছয় মাস অপেক্ষার পর ২০২৬ সালের ২৩ অক্টোবর লন্ডন গেটওয়ে বন্দরে দম্পতি তাদের বাহনকে বরণ করে নেন।

শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা এক্স-এ এই অস্বাভাবিক গল্প শেয়ার করে ব্রিটেনে ভারতীয় অটোরিকশার পৌঁছানোর বিষয়টি তুলে ধরেন। ভারতের সড়ক থেকে ব্রিটিশ উপকূলে বাহনটির এ যাত্রার কথা তিনি উল্লেখ করেন।

পোস্টটি নিয়ে অনলাইনে বেশ কিছু প্রতিক্রিয়া এসেছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ওহ, এর তো আবার থিম সংও আছে।আরেকজন লেখেন, দারুণ ব্যাপার। তৃতীয় একজন বলেন, দেখতে কী সুন্দর লাগছে।

সূত্র: এনডিটিভি