‘প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা ছিল প্রণবের’, আত্মজীবনীতে জানালেন সোনিয়া

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষার কথা একবার পরোক্ষভাবে জানিয়েছিলেন বলে দাবি করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। ২০১০ সালে তাদের এক কথোপকথনে প্রণব মুখার্জি নেতৃত্বে পরিবর্তনের সময় এসেছে বলে ইঙ্গিত দিয়েছিলেন। সোনিয়ার আত্মজীবনীতে উঠে এসেছে এ তথ্য। ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এ খবর প্রকাশিত হয়েছে।

‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ শীর্ষক ৫২৬ পৃষ্ঠার আত্মজীবনীতে সোনিয়া গান্ধী লিখেছেন, একদিন প্রণব মুখার্জি তার সঙ্গে কথা বলার সময় বলেছিলেন, ‘এবার হয়তো শীর্ষ পর্যায়ে পরিবর্তনের সময় এসেছে’। সোনিয়ার কাছে মন্তব্যটি প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে প্রণবের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ইঙ্গিত বলে মনে হয়েছিল।

বইটি মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এতে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) সরকারের সময়কার নানা ঘটনা তুলে ধরেছেন সোনিয়া।

প্রণব মুখার্জির সঙ্গে ওই কথোপকথনের প্রসঙ্গে সোনিয়া লিখেছেন, তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে প্রণবের গুরুতর মতপার্থক্য তৈরি হয়েছিল। ২০১০ সালে একবার নিজের হতাশা প্রকাশের পর তিনি নেতৃত্বে পরিবর্তনের কথা বলেছিলেন। সোনিয়া বিষয়টিকে প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষার ইঙ্গিত হিসেবে বুঝেছিলেন। তিনি লেখেন, ‘আমি কৌশলে প্রসঙ্গ পরিবর্তন করেছিলাম। এতে তিনি হতাশ হয়ে থাকতে পারেন, তবে কখনোই আমাকে বুঝতে দেননি যে এ কারণে তিনি আমার ওপর ক্ষুব্ধ’।

সোনিয়া জানান, ২০১২ সালে কংগ্রেস ইউপিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে প্রণব মুখার্জিকে মনোনয়ন দেয়। পরে তিনি ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হন। এরপরও প্রণবের সঙ্গে তার যোগাযোগ ছিল। সোনিয়া লিখেছেন, প্রাজ্ঞ ও জ্ঞানী এই রাজনীতিকের সঙ্গে কথা বলতে তিনি প্রায়ই তার কাছে যেতেন। 

সূত্র: ইন্ডিয়া টুডে