ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় সরকারি দফতরগুলোতে ৫০ শতাংশ বা অর্ধেক কর্মীকে বাসা থেকে কাজের নির্দেশ দিয়েছেন দুই মন্ত্রী। পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা ও স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ কুমার সিং নিজ নিজ বিভাগের কর্মকর্তাদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলেছেন।
যানবাহনের ধোঁয়া থেকে সৃষ্ট দূষণ কমানোই এ সিদ্ধান্তের লক্ষ্য। দিল্লির স্থানীয় বায়ুদূষণের প্রায় ৫০ শতাংশের জন্য যানবাহনের নির্গমন দায়ী।
দিল্লি সরকারের শীতকালীন কর্মপরিকল্পনাতেও দূষণ নিয়ন্ত্রণে ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। গত ১ নভেম্বর থেকে পরিকল্পনাটি কার্যকর হয়েছে।
শীতকালীন কর্মপরিকল্পনায় বলা হয়েছে, সব প্রশাসনিক সচিব ও দফতরপ্রধান নিয়মিত অফিসে উপস্থিত থাকবেন। তবে কোনও দফতরে সরাসরি উপস্থিত কর্মীর সংখ্যা মোট জনবলের ৫০ শতাংশের বেশি হবে না।
পরিকল্পনায় আরও বলা হয়েছে, বাকি ৫০ শতাংশ কর্মী বাসা থেকে কাজ করবেন। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় জনসেবা যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী প্রশাসনিক সচিব ও দফতরপ্রধান সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে ডাকতে পারবেন।
সূত্র: এনডিটিভি