ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা ললিত মোদি আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। গত ১৫ সেপ্টেম্বর নাগরিকত্ব পাওয়ার বিষয়টি শনিবার অক্সফোর্ড ইউনিয়নে দেওয়া বক্তব্যে প্রকাশ করেন তিনি। একে জীবনের গর্বের ও ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ একটি অর্জন বলে বর্ণনা করেছেন সাবেক এই ক্রিকেট প্রশাসক।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ললিত মোদি জানান, গত ১৫ সেপ্টেম্বর পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিশেষ এক অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার বিষয়টি উদযাপন করেন তিনি।
যুক্তরাজ্যকে বহু বছর ধরে নিজের বাড়ি হিসেবে বিবেচনা করেন উল্লেখ করে মোদি বলেন, দেশটির মানুষ, প্রতিষ্ঠান, ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি তার গভীর শ্রদ্ধা তৈরি হয়েছে। পোস্টে তিনি লেখেন, ‘ব্রিটিশ হওয়া একটি বিশেষ সম্মান ও দায়িত্ব। গর্ব, কৃতজ্ঞতা এবং সত্যিকারের আপনত্বের অনুভূতি নিয়ে আমি এই দায়িত্ব গ্রহণ করছি’।
বিভিন্ন সংস্কৃতি ও অভিজ্ঞতার মধ্য দিয়ে গড়ে ওঠা নিজের জীবনের কথা তুলে ধরে মোদি বলেন, এখন যে দেশকে গর্বের সঙ্গে নিজের বাড়ি বলে পরিচয় দেন, সেখানে ইতিবাচক অবদান রাখার প্রত্যাশা করছেন তিনি।
মোদি আরও জানান, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের জন্মদিনের সঙ্গে ঘোষণাটি মিলে যাওয়ায় এটি তার কাছে আরও বিশেষ হয়ে উঠেছে। পোস্টের শেষে তিনি লেখেন, ‘ঈশ্বর রাজাকে রক্ষা করুন!’
২০১০ সালে আইপিএল-সংশ্লিষ্ট কথিত আর্থিক অনিয়মের তদন্তের মধ্যে ভারত ছাড়েন ললিত মোদি। এরপর থেকে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে
‘ভারত-সমর্থিত’ সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের মেজরসহ ৪ সেনা নিহত