ভারতের দিল্লিতে আইনমন্ত্রী কপিল মিশ্রর কার্যালয়ের কাছে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্যাংস্টার নাসিম দুররানি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। ৩৭ বছর বয়সী এই গ্যাংস্টার আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নেতৃত্বাধীন ডি-কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
উত্তরপ্রদেশের বুলন্দশহরে দিল্লি পুলিশ ও নয়ডা স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) যৌথ অভিযানে নিহত হন দুররানি।
গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় ২৬ বছর বয়সী সমীরকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি চালানোর অভিযোগ রয়েছে নাসিম দুররানির বিরুদ্ধে। মুস্তাফাবাদের বাসিন্দা সমীরকে দ্রুত কাছের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নাসিম দুররানি ও হারুন সাইফির গ্যাংয়ের মধ্যে চলমান বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সমীরের বিরুদ্ধেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। সম্প্রতি একটি অপরাধের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে জেলা পুলিশ আটক করেছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
‘রিজওয়ান’ ছদ্মনামেও পরিচিত ছিলেন নাসিম দুররানি। দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী গ্যাংস্টার ছোটা শাকিলের সঙ্গে তার যোগাযোগ ছিল। ২০১৬ সালে কারাবন্দি গ্যাংস্টার ছোটা রাজনকে হত্যার দায়িত্ব দুররানিকে দিয়েছিলেন শাকিল। এ ছাড়া পাকিস্তানি-কানাডীয় সাংবাদিক তারেক ফাতাহকে হুমকি দেওয়ার একটি মামলাতেও গ্রেফতার হয়েছিলেন তিনি। হত্যা, হত্যাচেষ্টা ও ডাকাতিসহ ২০টির বেশি ফৌজদারি মামলা ছিল দুররানির বিরুদ্ধে।