নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের স্বীকৃতি পেয়েছেন রোহিঙ্গারা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাম্বিয়ার করা মামলায় আদালত রায় ঘোষণার পর বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে উচ্ছ্বাসে ফেটে পড়েন হাজারো রোহিঙ্গা। অনেকের চোখে ছিল আনন্দাশ্রু।
কক্সবাজারের জামতলী ১৫ নম্বর ক্যাম্পে রায় শুনতে টেলিভিশনের সামনে জড়ো হয়েছিলেন বহু রোহিঙ্গা। রায় পাঠ শুরুর প্রায় দুই ঘণ্টা পর বৃষ্টি নামলেও কেউ সেখান থেকে সরে যাননি। আদালতের প্রেসিডেন্ট ইংরেজিতে রায় পড়ে শোনাচ্ছিলেন। তবে ভাষাটি শরণার্থী শিবিরে খুব একটা প্রচলিত নয়। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর হামলা থেকে বাঁচতে পালিয়ে আসা ১০ লাখেরও বেশি রোহিঙ্গার অপেক্ষার অবসান ঘটে স্থানীয় সময় বিকাল ৫টা ১৩ মিনিটে। এ সময় এক কমিউনিটি নেতা রোহিঙ্গা ভাষায় আদালতের রায়ের বিষয়টি উপস্থিত জনতাকে জানান।
তিনি বলেন, ৯-৬ ভোটে আদালত রায় দিয়েছেন, মিয়ানমার রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।
এ ঘোষণার পর হাততালি ও উল্লাসে ফেটে পড়েন উপস্থিত রোহিঙ্গারা। অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
রাখাইনের রাথেডং টাউনশিপ থেকে আসা ৫৮ বছর বয়সী মোনাজাত আলম বলেন, ‘মিয়ানমারের সামরিক বাহিনী বিশ্বকে বোঝানোর চেষ্টা করেছিল যে আমরা মিথ্যা বলেছি। আজ সত্যের স্বীকৃতি মিলেছে’।
২০১৭ সালের সামরিক অভিযানে হাজারো রোহিঙ্গা বেসামরিক নাগরিক, এমনকি শিশুও নিহত হওয়ার প্রমাণ পেয়েছে আদালত। ওই অভিযানে ব্যাপক যৌন সহিংসতা ও গ্রাম ধ্বংসের ঘটনাও ঘটেছিল। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এসব প্রমাণ থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যও স্পষ্ট হয়েছে।
বুথিডং টাউনশিপের মং নু গ্রামের বাসিন্দা নেমাত হুসেনও রায় শুনতে ছেলেকে সঙ্গে নিয়ে এসেছিলেন। ২০১৭ সালের ২৭ আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী ওই গ্রামে শত শত রোহিঙ্গাকে হত্যা করেছিল। গণহত্যার উদ্দেশ্য অনুসন্ধানে গাম্বিয়া আদালতের কাছে যে তিনটি গ্রামের ঘটনা পর্যালোচনার আবেদন জানিয়েছিল, মং নু ছিল তার একটি। নেমাত হুসেন বলেন, ‘২০১৭ সালে আমি আমার মা ও বড় ছেলেকে হারিয়েছি। সেই দিন থেকে বিচারের অপেক্ষায় ছিলাম। আজ রায় শোনার জন্য নিজের ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি’।
রায়ে মিয়ানমারকে গণহত্যার সন্দেহভাজন অপরাধীদের তদন্ত এবং প্রয়োজন অনুযায়ী বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়া এবং বাস্তুচ্যুতদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
মোনাজাত উদ্দিন বলেন, আজ আমার আশা অনেক বেড়ে গেছে। আমি চাই, আমরা রাখাইনে ফিরে গিয়ে শান্তিতে বসবাস করতে পারবো। আমাদের মাতৃভূমি নিরাপদ হবে, যাতে আমরা সেখানে ফিরতে পারি।
সূত্র: এইচআরডব্লিউ
আইসিজের রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ভোগান্তির স্বীকৃতি: এইচআরডব্লিউ
মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ে কী পেলো রোহিঙ্গারা?