বিশ্ব রাজনীতিতে ভারতের প্রভাব কমে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচনায় দেশটি ক্রমেই গুরুত্ব হারাচ্ছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তার দাবি, ভারত যখন বৈশ্বিক ভূরাজনীতিতে ‘পার্শ্বচরিত্র’ হয়ে পড়ছে, তখন পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মতো গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। তার মন্তব্যের পর বিজেপির সঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
রাহুল গান্ধী বলেন, ভারত ঐতিহ্যগতভাবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্বাধীন অবস্থান বজায় রেখে চলেছে। বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারত্ব ও সম্পর্ক থাকলেও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে ভারতের নিজস্ব দৃষ্টিভঙ্গি ছিল। কিন্তু এখন গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক আলোচনায় ভারতকে ক্রমেই বাইরে রাখা হচ্ছে।
তিনি বলেন, ভারতের ভূরাজনীতি সম্পর্কে সব সময়ই অত্যন্ত পরিশীলিত ধারণা ছিল। আমাদের অংশীদারত্ব ও সম্পর্ক ছিল, কিন্তু নিজস্ব চিন্তাভাবনাও ছিল। আয়তন ও গুরুত্বের কারণে বিশ্ব রাজনীতিতে ভারতের স্বাভাবিকভাবেই ভূমিকা রাখার কথা। কিন্তু বাস্তবতা হলো, ভারত এখন পার্শ্বচরিত্র হয়ে পড়েছে, অন্যদিকে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালাচ্ছে।
বিশ্বনেতাদের ব্যক্তিগত বন্ধুত্বের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনারও সমালোচনা করেন রাহুল। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায়ই বলে থাকেন- ‘তিনি আমার বন্ধু’। কিন্তু ভূরাজনীতিতে বন্ধুত্বই মূল বিষয় নয়। কোনও নেতা কারও বন্ধু হলেই আন্তর্জাতিক রাজনীতি সেই সম্পর্কের ভিত্তিতে পরিচালিত হতে পারে না।
রাহুলকে পাকিস্তানের সমর্থক বললো বিজেপি
রাহুলের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের আন্তর্জাতিক অবস্থানকে খাটো করার অভিযোগ তুলেছে দলটি। বিজেপির মুখপাত্র সিআর কেশবন রাহুলের মন্তব্যকে ‘অত্যন্ত নিন্দনীয় ও ক্ষমার অযোগ্য’বলে আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, ভারতকে বিশ্ব রাজনীতিতে পার্শ্বচরিত্র হিসেবে তুলে ধরে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন কংগ্রেস নেতা।
বিজেপির আরেক মুখপাত্র প্রদীপ ভান্ডারিও রাহুলের পাকিস্তান প্রসঙ্গ বারবার টেনে আনার সমালোচনা করেন। তিনি বলেন, ‘রাহুল গান্ধী পাকিস্তান নিয়ে এতটা আচ্ছন্ন কেন? প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে রাহুলকে পাকিস্তানের সমর্থকের মতো আচরণ করতে দেখা যায়’।
সূত্র: এনডিটিভি