১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে বুধবার (১ জুলাই) নয়াদিল্লি পৌঁছেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম ভারত সফর। সফরে ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা, অর্থনৈতিক নিরাপত্তা, সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
জাপান ভারতের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী। বর্তমানে ভারতে প্রায় এক হাজার ৪০০ জাপানি কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। ২০২৫-২৬ অর্থবছরে দুই দেশের মধ্যে প্রায় ২৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতেই ভারত সফরে এসেছেন তাকাইচি। তবে রাজনীতির বাইরেও তার ব্যক্তিগত জীবনে রয়েছে নানা আগ্রহ।
১৯৬১ সালের ৭ মার্চ ইয়ামাতোকোরিয়ামায় জন্ম নেওয়া তাকাইচি রাজনীতিতে আসার আগে টেলিভিশন উপস্থাপক, লেখক এবং আইনপ্রণেতার সহকারী হিসেবে কাজ করেছেন। নব্বইয়ের দশকের শুরুতে তিনি রাজনীতিতে যোগ দেন এবং পরে জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। পরবর্তীতে তিনি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হন।
বিশ্ববিদ্যালয়জীবন থেকেই তিনি হেভি মেটাল সংগীতের ভক্ত। পড়াশোনার সময় একটি হেভি মেটাল ব্যান্ডে ড্রামসও বাজিয়েছেন। এক্স জাপান, বি'জ, ডেমন কাক্কা এবং ডিপ পার্পল ও ব্ল্যাক সাবাথের মতো ক্লাসিক রক ব্যান্ড তার প্রিয়।
তাকাইচি মোটরসাইকেলেরও অনুরাগী। এক সাক্ষাৎকারে তিনি জানান, আশির দশকের জনপ্রিয় স্পোর্টস মোটরসাইকেল কাওয়াসাকি জেড৪০০জিপি তার ছিল। মোটরসাইকেলের প্রতি তার আগ্রহ বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছে।
গাড়ির প্রতিও তার বিশেষ আগ্রহ রয়েছে। তিনি নতুন অবস্থায় কেনা ১৯৯১ সালের একটি টয়োটা সুপ্রা প্রায় ২২ বছর চালিয়েছেন। এর আগে তার কাছে টয়োটা সেলিকা এক্সএক্সও ছিল, যা জাপানি বাজারে সুপ্রার পূর্বসূরি হিসেবে পরিচিত। তাকাইচির ব্যবহৃত সেই টয়োটা সুপ্রা বর্তমানে জাপানের একটি অটোমোবাইল জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে সরকারি দায়িত্ব পালনে তিনি টয়োটা সেঞ্চুরি এসইউভি ব্যবহার করেন।
সূত্র: উইয়ন নিউজ