সেনাবাহিনীর সমর্থনের অপেক্ষায় ভেনেজুয়েলার বিরোধী নেতা গুইদো

ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুইদো স্বীকার করেছেন, সশস্ত্রবাহিনীর সমর্থন ছাড়া দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করা যাবে না। তিনি বলেছেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের লক্ষ্য অর্জনের জন্য সেনাবাহিনীর সমর্থন প্রয়োজনীয়। সরকার সমর্থক সশস্ত্র মিলিশিয়াদের হাত থেকে বিক্ষোভকারীদের রক্ষার জন্য তাদের সমর্থন প্রয়োজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।

_106249636_mediaitem106249635

২০১৯ সালের জানুয়ারিতে গুইদো নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা হিসেবে ঘোষণা করেন। তিনি দাবি করেন, ভেনেজুয়েলার প্রায় ৯০ শতাংশ মানুষ তাকে সমর্থন করছেন। গুইদোকে সমর্থ জানায় যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে দেশটির সেনাবাহিনীর প্রধান এখন পর্যন্ত ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি অনুগত রয়েছেন।

রবিবার ভেনেজুয়েলা কর্তৃপক্ষ জানিয়েছেন, বিদ্যুৎ স্বল্পতার কারণে তারা কর্মঘণ্টা কমিয়ে আনছেন এবং স্কুল বন্ধ রাখা হচ্ছে। ফলে স্থানীয় সময় ২টায় সরকারি কার্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

বিবিসিকে গুইদো বলেন, বারবার বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও পানির স্বল্পতার কারণে হাসপাতাল, গণপরিবহন, পানি ও অন্যান্য সেবা বাধাগ্রস্ত হচ্ছে। মাদুরোর সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ আরও বাড়ছে।

গুইদো দাবি করেন, রাজধানী কারাকাসসহ বেশ কয়েকটি রাজ্যের ২০টিরও বেশি জেলায় বিক্ষোভ পরিস্থিতিতে রয়েছি আমরা। জনগণ বিদ্যুৎ ও পানি সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি করছে। এবং তারা চাইছে মাদুরোর উৎখাত। এটাই মূল দাবি।

সরকারের দাবি, মাদুরোকে উৎখাত করতেই ষড়যন্ত্র করে বিদ্যুতের ব্ল্যাকআউট পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তবে গুইদো বলেছেন, সেনাবাহিনী সঙ্গ না ছাড়লে মাদুরোকে উৎখাত করা যাবে না। তিনি বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের লক্ষ্য অর্জনের জন্য সেনাবাহিনীর সমর্থন প্রয়োজনীয়। সরকার সমর্থক সশস্ত্র মিলিশিয়াদের হাত থেকে বিক্ষোভকারীদের রক্ষার জন্য তাদের সমর্থন প্রয়োজন।

গুইদোর আগামী ১৫ বছর সরকারি দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভেনেজুয়েলায় রুশ সেনা উপস্থিতির কথা অস্বীকার করেছেন তিনি। তার দাবি, মাদুরো এমন শক্তি ও সমর্থন দেখাতে চাইছেন, যা তার নেই।