ডোমিনিকান প্রজাতন্ত্রে নৈশ ক্লাবের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৮৪

ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো দোমিঙ্গোতে একটি জনপ্রিয় নৈশ ক্লাবের ছাদ ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে। বুধবার (১০ এপ্রিল) রাতে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে এখনও উদ্ধার অভিযান চলছে। তবে জীবিতদের খুঁজে পাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সান্তো ডোমিঙ্গোর 'জেট সেট' নামের নাইটক্লাবটি মঙ্গলবার ধসে পড়ে। গত দুই দিন ধরে নিখোঁজ স্বজনদের খোঁজে ক্লাবের ধ্বংসস্তূপের পাশে ভিড় জমিয়েছে পরিবারগুলো। পুলিশকে ছবি দেখিয়ে প্রিয়জনদের সন্ধান করছেন তাঁরা।

জরুরি কার্যক্রম কেন্দ্রের প্রধান হুয়ান ম্যানুয়েল মেন্ডেজ এক সংবাদ সম্মেলনে বলেন, উদ্ধারকাজ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না শেষ মৃতদেহটি খুঁজে পাওয়া যায়। তবে গত ২৪ ঘণ্টায় আর কাউকে জীবিত উদ্ধার করা যায়নি।

প্রেসিডেন্টের মুখপাত্র হোমেরো ফিগুয়েরোয়া বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই জীবিতদের উদ্ধার অভিযান শেষ করা হবে।

নিখোঁজদের ছবি হাতে নিয়ে স্বজনরা জানাচ্ছেন, তাঁরা কী পরেছিলেন দুর্ঘটনার সময়-এই আশায় যে, যদি মৃতদেহ চিনতে কষ্ট হয়, তাহলে পোশাক থেকে তাদের শনাক্ত করা যাবে।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, ধ্বংসস্তূপ থেকে ১৫৫ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কতজন তখন নাইটক্লাবের ভেতরে ছিলেন, তা এখনও জানা যায়নি।

এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যখন বিখ্যাত ডোমিনিকান সঙ্গীতশিল্পী রুবি পেরেজের কনসার্ট চলছিল। এই অনুষ্ঠানে রাজনীতিবিদ, ক্রীড়াবিদসহ অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। মাঝ রাতে হঠাৎ ছাদ ধসে পড়ে পুরো অনুষ্ঠানটি এক বিভীষিকায় রূপ নেয়।

পেরেজ নিজেও এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। সংস্কৃতি মন্ত্রণালয় বৃহস্পতিবার তার স্মরণে একটি অনুষ্ঠান আয়োজন করবে। তাঁকে ‘দেশের শিল্প ও মেরেংগু সঙ্গীতের এক মহান ব্যক্তিত্ব’ হিসেবে সম্মান জানানো হবে।

যাদের মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে, তাদের পরিবার শেষকৃত্য শুরু করে দিয়েছে।

বুধবার রাষ্ট্রপতি লুইস আবিনাদার উপস্থিত ছিলেন নেলসি ক্রুজের শেষকৃত্যে। নেলসি ছিলেন উত্তরাঞ্চলের মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর এবং সাবেক এমএলবি তারকা নেলসন ক্রুজের বোন। সাবেক মেজর লীগ বেসবল খেলোয়াড় অক্টাভিও ডোটেল ও টনি ব্লাঙ্কো এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া যোগাযোগমন্ত্রীর ছেলেও এই ট্র্যাজেডিতে নিহত হয়েছেন।