ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারেরও বেশি

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন দিন পরও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। রবিবার (২৮ জুন) এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া ৫১ হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গত বুধবার রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প দেশটির উপকূলীয় লা গুয়াইরা এলাকায় আঘাত হানে। এতে অঞ্চলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

উদ্ধারকাজে যানজট বাধা হয়ে দাঁড়ানোয় শুক্রবার রাতে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করে কর্তৃপক্ষ।

সরকারি উদ্ধারকারী দলের স্বল্পতার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে হতাশ বাসিন্দারা খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজ করছেন। সহায়তা সংস্থাগুলো সতর্ক করেছে, জীবিত উদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমা দ্রুত শেষ হয়ে আসছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, লা গুয়াইরা এলাকায় প্রবেশ করতে হলে এখন সরকারি অনুমতি নিতে হবে। তবে কারা সেই অনুমতি পাবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

স্থানীয়দের দাবি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারি উদ্ধারকারী দলের উপস্থিতি খুবই সীমিত। যদিও কর্তৃপক্ষ জোরালোভাবে সরকারি তৎপরতার চিত্র তুলে ধরছে।

জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ বলেন, প্রতিটি মানুষকে জীবিত উদ্ধার করা অলৌকিক ঘটনা। তিনি আরও বলেন, এই ট্র্যাজেডির ভয়াবহতা সম্পর্কে আমরা কিছুই গোপন করবো না।

লা গুয়াইরায় বেঁচে যাওয়া মানুষের মধ্যে খাদ্য ও পানি বিতরণ করেছে সরকারি বাহিনী। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, জীবিতদের উদ্ধারের এই সংকটপূর্ণ সময়ে তার সরকার সর্বাত্মক পদক্ষেপ নিচ্ছে। তিনি আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা পৌঁছানোকে স্বাগত জানিয়েছেন।

রদ্রিগেজ জানান, লা গুয়াইরাকে ‘সামরিক নিয়ন্ত্রণে’ নেওয়া হয়েছে এবং আরও সহায়তা পাঠানো হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল।

এদিকে শনিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে, ভূমিকম্পে সরাসরি অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৭০ কোটি থেকে ৮৭০ কোটি মার্কিন ডলারের মধ্যে হতে পারে।

একই দিন আরাগুয়া অঙ্গরাজ্যের উপকূলে রিখটার স্কেলে ৪ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার। তবে এতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।