ফুটবল বিশ্বকাপের ফাইনালের ফল জানাতে গিয়ে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে রসিকতা করে সমালোচনার মুখে পড়েছেন এক পাইলট। বিমানে থাকা যাত্রীদের প্রথমে তিনি বলেন, আর্জেন্টিনা জিতেছে। এতে উল্লাসে ফেটে পড়েন সমর্থকেরা। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি জানান, বিশ্বকাপ জিতেছে স্পেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের অধিকাংশ যাত্রীই আর্জেন্টিনার জার্সি পরেছিলেন। ফল ঘোষণার আগে পাইলট বলেন, ম্যাচটি অতিরিক্ত সময় পর্যন্ত গড়িয়েছিল এবং দুই দলই সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত একজনই বিশ্বকাপ জিততে পারে।
এরপর তিনি বলেন, ‘আমরা আমাদের আর্জেন্টাইন বন্ধুদের অভিনন্দন জানাতে চাই’। এ কথা শুনেই যাত্রীরা উল্লাসে ফেটে পড়েন। কিন্তু পরক্ষণেই তিনি ঘোষণা দেন, ‘বিশ্বকাপ জিতেছে স্পেন’।
পাইলটের এই কৌশল আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি দেশটির সংবাদমাধ্যমেরও তীব্র সমালোচনার মুখে পড়েছে। একটি সংবাদমাধ্যম একে ‘অসুস্থ রসিকতা’ বলে অভিহিত করেছে।
সংবাদপত্র লা ভোজ দেল ইন্তেরিওর লিখেছে, বিশ্বকাপ ফাইনালের চূড়ান্ত মুহূর্তে এক স্প্যানিশ পাইলট ভুল ফল ঘোষণা করে যাত্রীদের উদযাপনে মাতিয়ে তোলেন, পরে স্পেনকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন।
আরেকটি আর্জেন্টাইন সংবাদমাধ্যমের মন্তব্য, এ ধরনের কাণ্ড ঘটিয়ে পাইলট নিজেই নিজের জন্য বিপদ ডেকে এনেছেন। তাদের ভাষায়, এটি ছিল ‘প্রশ্নবিদ্ধ রসবোধের ভয়াবহ কাজ’। তারা আরও লিখেছে, যাত্রীরা চাইলে তার মুখোমুখি হতে পারতেন কিংবা ককপিটে ঢোকার চেষ্টা করতে পারতেন। এটি ছিল বড় ধরনের ভুল।
তবে ওই ফ্লাইটের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। যদিও কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাইলট ছিলেন স্পেনের নাগরিক।
বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা গোল আর্জেন্টিনার চতুর্থ শিরোপার স্বপ্ন ভেঙে দেয়। এটি ছিল মেসির দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে পরাজয়। এর আগে ২০২২ সালের বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।
সূত্র: উইয়ন নিউজ