সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রবেশে বাধা দেওয়ার পর কোস্টারিকা ছাড়ছেন ফিলিস্তিনিদের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। শনিবার মেক্সিকোর উদ্দেশে দেশটি ছাড়ার কথা জানিয়েছেন তিনি। এ ঘটনায় কোস্টারিকা সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তুলে জবাবদিহি দাবি করেছেন আলবানিজ। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শুক্রবার সান হোসে বিমানবন্দর থেকে দেওয়া বক্তব্যে আলবানিজ বলেন, সন্ত্রাসবাদের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মানবাধিকার রক্ষা করা সন্ত্রাসবাদ নয় বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার কোস্টারিকার একটি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি নিতে দেশটিতে পৌঁছান আলবানিজ। তবে বিমানবন্দরে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। দেশটির অভিবাসন কর্তৃপক্ষের দাবি, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে’ তার বিরুদ্ধে আন্তর্জাতিক সতর্কতা রয়েছে।
শুক্রবার কোস্টারিকার সুপ্রিম কোর্টের সাংবিধানিক চেম্বার এক অন্তর্বর্তী আদেশে জানায়, আলবানিজকে একটি হোটেলে নেওয়া হবে এবং তার গন্তব্য মেক্সিকো। এর আগে আদালত কর্তৃপক্ষকে তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক আলবানিজের প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। ইতালির পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, তাকে প্রবেশের অনুমতি দিতে কোস্টারিকাকে বারবার অনুরোধ করেছে তার দেশ।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছেন আলবানিজ। ইসরায়েল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তাদের সামরিক অভিযান হামাসের বিরুদ্ধে এবং বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
২০২৫ সালে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কথিত ‘রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের’ অভিযোগে আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। তবে এক ফেডারেল বিচারক নিষেধাজ্ঞা আটকে দিলে মে মাসে তা প্রত্যাহার করা হয়।