গাজায় ইসরায়েলি বিমান হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে মিসাইল নিক্ষেপ করেছে ইসরায়েলের বিমানবাহিনী। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট নিক্ষেপের জবাবে এ মিসাইল হামলা চালায় দেশটি। সোমবার আল-জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, রবিবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলে একাধিক হামলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্য অনুসারে ১৭ বছরের এক কিশোর বিস্ফোরণে পায়ে আঘাত পেয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র পিটার লার্নার জানান, হামাসের ছোড়া রকেট হামলার জবাব দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে হামাস। লার্নার বলেন, গাজা উপত্যকা থেকে রকেট হামলার জবাবে ইসরায়েলি এয়ার ফোর্স এবং ট্যাঙ্ক থেকে গাজার উত্তরাঞ্চলে হামাসের দুটি ঘাঁটিতে হামলা করে।

অবশ্য রকেট হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। রকেট হামলায় কেউ হতাহতেরও খবর পাওয়া যায়নি।

এর আগে গত ২ জুলাই ইসরায়েলে সেডেরত শহরে রকেট হামলার পর ইসরায়েলি এয়ার ফোর্স গাজার চারটি এলাকায় হামলা চালিয়েছিল।

২০০৫ সালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি স্থায়ী সামরিক উপস্থিতি প্রত্যাহার করে। তবে এলাকাটি এখনও ইসরায়েল কর্তৃক অবরুদ্ধ রয়েছে। গাজার আকাশসীমা, সমুদ্রপথ ও সব ধরনের যানবাহন নিয়ন্ত্রণ করে ইসরায়েল। এতে করে গাজায় বসবাসরত ২০ লাখ মানুষের স্বাধীনভাবে যাতায়াত ও বাণিজ্য ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকছে। সূত্র: আল-জাজিরা।

/এএ/