ইরাকে আত্মঘাতী হামলায় নিহত অন্তত ১৮

ইরাকের বাগদাদে পাঁচ আত্মঘাতী আক্রমণকারীর হামলায় অন্তত ১৮জন নিহত হয়েছেন। সোমবার বাগদাদের দক্ষিণ-পশ্চিমের শহর আইন আল-তামের শহরে এ হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

ইরাকি কর্মকর্তারা জানান, সুইসাইড বেল্ট, রাইফেল ও গ্রেনেড নিয়ে পাঁচ হামলাকারী হামলা চালায়। স্থানীয় পরিষদের এক সদস্য ও প্রাদেশিক স্বাস্থ্য অধিদফতরের এক সূত্র হামলায় নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। হামলায় আরও অন্তত ২৬ জন আহত হয়েছেন।

কর্মকর্তারা জানান, আইন আল-তামের এলাকায় আক্রমণকারীরা গুলিবর্ষণ শুরু করে। তাৎক্ষণিকভাবে তাদের হামলার লক্ষ্য সম্পর্কে জানা যায়নি।

সেন্ট্রাল ইউফ্রেতাস অপারেশন কমান্ডের প্রধান কায়েস খালাফ বলেন, আক্রমণকারীদের সঙ্গে কালাশনিকভ ও হ্যান্ড গ্রেনেড ছিল। একজন আত্মঘাতী নিজেকে উড়িয়ে দেয়। বাকি হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়।

কারাবালা প্রদেশের এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছে, নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচ সদস্য রয়েছেন।

ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

পবিত্র শহর কারবালা থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে আইন আল-তামের শহর অবস্থিত। ফালুজা শহর থেকে আইএস উৎখাত হওয়ার কারবালা এলাকায় এটাই প্রথম হামলার ঘটনা। সূত্র: আল-জাজিরা।

/এএ/