নেতানিয়াহুর বিরুদ্ধে ফৌজদারি তদন্তের নির্দেশ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জড়িত রয়েছেন এমন দুটি অপরাধের বিষয়ে পুলিশকে ফৌজদারি তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল আভিহাই ম্যানডেলব্লিট। দেশটির বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, যথাসময়ে এ তদন্তের বিস্তারিত জানানো হবে। ইসরায়েলের চ্যানেল ১০ টিভির বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, নেতানিয়াহুর জড়িত থাকা ওই দুটি ঘটনার এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে। ওই দুই বিষয়ে তদন্তের নির্দেশ ‘অভিযোগের নিশ্চয়তা বা অভিযোগ অস্বীকারের কোনওটিই নয়’ বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

বিবৃতিতে বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘অ্যাটর্নি জেনারেল, পুলিশ ও আইনজীবীরা ঘনিষ্টভাবে বিষয়টি নিয়ে কাজ করছেন। যথাসময়ে ওই তদন্তের বিষয়ে সবাইকে জানানো হবে।’

জার্মানির কাছ থেকে সাবমেরিন কেনার সময় নিজের আইনজীবীকে সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছিল নেতানিয়াহুর বিরুদ্ধে। নেতানিয়াহু বরাবরই ওই ঘটনায় কোনও ধরনের অন্যায় করার কথা অস্বীকার করে আসছিলেন। এই বিষয়টি এবার তদন্ত করবে পুলিশ। তদন্তের অপর বিষয়টির কথা জানা যায়নি।

অ্যাটর্নি জেনারেলের নির্দেশের পর তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে কোনও প্রতিক্রিয়া পায়নি রয়টার্স।

চ্যানেল ১০-এর খবরে বলা হয়েছে, ঘটনার তদন্তের জন্য নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে কর্তৃত্ব দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তবে ওই জিজ্ঞাসাবাদের সময় পরে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

খবরে আরও বলা হয়, জার্মানির কাছ থেকে সাবমেরিন কেনার ঘটনা ছাড়া বাকি ঘটনাটি আরও বেশি গুরুতর এবং ওই ঘটনাটির কোনও বিবরণ এখনও জনসম্মুখে প্রকাশ করা হয়নি।

/টিআর/এএ/