‘মসুলে আটকা পড়া আইএস যোদ্ধাদের মরতে হবে’

nonameইরাকের মসুল নগরীতে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধারা মারা পড়বে। নগরী থেকে বেরুনোর সর্বশেষ সংযোগ পথ বিচ্ছিন্ন করে দেওয়ার পর যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আইএসবিরোধী জোটের সিনিয়র মার্কিন কর্মকর্তা ব্রেট ম্যাকগার্ক এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

রবিবার বাগদাদে ম্যাকগার্ক সাংবাদিকদের বলেন, ‘কাল (শনিবার) রাতে ইরাকি বাহিনীর নাইনথ ডিভিশন মসুল থেকে বেরুনোর শেষ পথটিও বন্ধ করে দিয়েছে। এখন মসুলে যেসব আইএস জঙ্গি রয়েছে তাদের মরতে হবে। কারণ তারা আটকা পড়েছে।’

ম্যাকবার্গ বলেন, ‘আমরা কেবল মসুলে তাদের হারাতেই চাই না। একই সঙ্গে নিশ্চিত করতে চাই তাদের একজনও যেন শহরটি ছেড়ে পালাতে না পারে।’

ইরাকের কাউন্টার টেরোরিজম সার্ভিসের স্টাফ মেজর জেনারেল মান আল-সাদি বলেন, ‘এখন মসুলের পশ্চিমাঞ্চলের এক-তৃতীয়াংশের বেশি স্থান সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।’

আইএস ২০১৪ সালে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল দখল করে। কিন্তু মাসব্যাপী অভিযান চালিয়ে ইরাকি বাহিনী শহরটির একটি বড় অংশ পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেয়। পূর্বাঞ্চলের পর ইরাকি বাহিনী ৫ মার্চ থেকে যুক্তরাষ্ট্রের সহায়তায় শুরু হওয়া সর্বশেষ অভিযানে আইএসকে স্থানীয় সরকারের সদর দপ্তর ও বিখ্যাত মসুল জাদুঘরসহ গোটা পশ্চিমাঞ্চল থেকে সরে যেতে বাধ্য করছে। সূত্র: এএফপি।

/এএ/