ইয়েমেনে যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ পাঠাতে রাজি জাতিসংঘ

চলমান গৃহযুদ্ধে সংশ্লিষ্ট সব পক্ষের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করতে বিশেষজ্ঞদের ইয়েমেনে পাঠাতে রাজি হয়েছে জাতিসংঘ। এ লক্ষ্যে সংস্থাটির মানবাধিকার কাউন্সিল বিখ্যাত বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে।

_98080669_25d5b13c-66c9-4b3d-b223-c3d439ca9d95

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, পশ্চিমা ও সৌদি আরবের নেতৃত্বে আরবদেশগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্টের হয়ে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট। জাতিসংঘের মতে, ২০১৫ সালের মার্চে শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত ৮ হাজার ৫৩০ জন মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬০ শতাংশই বেসামরিক নাগরিক। বিমান হামলা ও সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ৪৮ হাজার ৮০০ মানুষ। এই গৃহযুদ্ধে আক্রান্ত হয়ে পড়া ২ কোটির বেশি মানুষের মানবিক সহযোগিতা প্রয়োজন। চলতি বছরের এপ্রিল থেকে প্রায় ৭ লাখ মানুষ কলেরা রোগে আক্রান্ত হয়ে পড়েছেন।

শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে ইয়েমেনে বিশেষজ্ঞদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবটি উত্থাপন করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ। তবে আরও গভীর তদন্ত দাবি করে তদন্ত কমিশন গঠনের প্রস্তাবকারী কানাডা নিজেদের প্রস্তাব প্রত্যাহার করে নেয়।

ইয়েমেন সরকারের নেতৃত্বে অভ্যন্তরীণ পক্ষগুলোকে নিয়ে আরব দেশগুলোর বিকল্প প্রস্তাবটিও প্রত্যাহার করা হয়।

তদন্ত কমিশন গঠনের পক্ষে লবিং করা সৌদি আরব প্রস্তাবকারী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের হুমকি দিয়েছিল। শুক্রবার বিশেষজ্ঞদের পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পর এই সমঝোতার জন্য সৌদি আরব প্রকাশ্যে ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে। ইয়েমেনে সৌদি আরবের সামরিক অভিযানকে সমর্থন করে আসছে এই তিন দেশ।