ইয়েমেনে সৌদি জোটের হামলায় অন্তত ২৬ বেসামরিক নিহত

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার সাদাহ প্রদেশে বাজার সংলগ্ন একটি হোটেলে এই বিমান হামলা চালানো হয়।

s2.reutersmedia.net


প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সৌদি আরবের সীমান্তবর্তী সাহার জেলায় এই হামলা চালানো হয়। এতে একটি হোটেল বিধ্বস্ত হয়েছে এবং স্থানীয় একটি বাজারের অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসাকর্মীরা নিহতদের লাশ এক জায়গা জড়ো করেছেন।
সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। প্রায় আড়াই বছর ধরে চলমান সংঘাতে প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। তবে এখনও সংঘাত কোনও মীমাংসার দিকে এগোয়নি।
সৌদি জোটকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র। হুথিরা অভিযোগ করেছে, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে ইয়েমেনে ছায়াযুদ্ধ চালাচ্ছে সৌদি আরব।