ইসরায়েলি সীমান্তে সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ লেবাননের

 

ইসরায়েলি সেনাদের হামলার আশঙ্কায় লেবাননের দক্ষিণ সীমান্তে সেনাদের পূর্ণ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার এক টুইট বার্তায় দেশটির সেনাপ্রধান জেনারেল জোসেফ আউন এ নির্দেশ দেন। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

_48595990_48595991

প্রতিবেদনে বলা হয়, সেনাপ্রধান জেনারেল জোসেফ আউন জাতিসংঘের রেজ্যুলেশন ১৭০১ অনুযায়ী ইসরায়েল সীমান্তে স্থিতিশীলতা রক্ষা চুক্তি ‘ভালোভাবে বাস্তবায়ন’র জন্য সজাগ থাকতে সেনা সদস্যদের নির্দেশ দেন।

ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ শেষ হওয়ার পর ২০০৬ সালে করা এ চুক্তি অনুযায়ী, লেবাননের সেনাবাহিনীর উপর দেশটির সীমান্তের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়।

গত ৪ নভেম্বর সৌদি আরব সফরে গিয়ে পদত্যাগের ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। এ সময় হারিরিকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন হিজবুল্লাহ নেতা সাঈদ হাসান নাসারুল্লাহ। আটকের অভিযোগ করেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনও।

তিনি বলেন, এর মাধ্যমে সৌদি আরব লেবাননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরপর লেবানন ও হিজবুল্লাহর বিরুদ্ধে পাল্টা একই অভিযোগ করে সৌদি আরব নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ দেয়।

এরপর রবিবার ইসরায়েলের জ্বালানিমন্ত্রী ও নিরাপত্তা পরিষদের সদস্য ইউভাল স্টেইনিৎয বলেছেন, অনেক মুসলিম ও আরব দেশের সঙ্গে আমাদের সত্যিকার গোপন সম্পর্ক রয়েছে। সৌদি আরবই চেয়েছে ইসরায়েলের সঙ্গে তার সম্পর্ককে গোপন রাখতে। এতে আমাদের কোনও সমস্যা ছিল না।’