জিসিসি’র বাইরে সৌদি আরব-আমিরাতের নতুন জোট

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত উপসাগরীয় দেশগুলোর জোট গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) সমান্তরালে একটি নতুন সামরিক ও বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার আরব আমিরাতের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

সৌদি বাদশা সালমান ও আবু ধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ

জিসিসি সম্মেলন চলমান থাকা অবস্থায় সৃষ্ট উত্তেজনার মধ্যেই আমিরাত এই ঘোষণা দিলো। জিসিসিতে উপসাগরীয় ছয়টি আরব দেশ রয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক এই জোটের সদস্যরা হলো কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কুয়েত।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয়ের জন্য এই নতুন কমিটি কাজ করবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সৌদি আরবের পক্ষ থেকে এই কমিটির বিষয়টি নিশ্চিত করা হয়নি।

কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় ছয়টি দেশের অবরোধ আরোপ করার পর গত ছয় মাস ধরেই জিসিসি সংকটের মুখে রয়েছে। মঙ্গলবার জিসিসির বার্ষিক সম্মেলনে ছয় দেশের প্রতিনিধিরা মিলিত হন। সূত্র: আল জাজিরা।