তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবেন। বৃহস্পতিবার দুই রাষ্ট্রনেতা টেলিফোনে এই আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
তুর্কি প্রেসিডেন্ট কার্যালয়ের সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার একদিন পর পুতিন ও এরদোয়ান বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আরব লীগ, সৌদি আরব, জর্ডানসহ বিভিন্ন দেশ ও সংস্থার আহ্বান উপেক্ষা করে বুধবার (৬ ডিসেম্বর) জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন ট্রাম্প। হোয়াইট হাউসে কূটনীতিকদের অভ্যর্থনা কক্ষে এক ঘোষণায় ট্রাম্প বলেন, ‘আমি মনে করছি, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির এটাই সময়।’
ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণার আগে জেরুজালেম নিয়ে সীমা লঙ্ঘন না করতে আহ্বান জানিয়েছিলেন এরদোয়ান। পবিত্র ওই শহরকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দিলে তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুমকিও দেন তিনি। মঙ্গলবার আঙ্কারায় দলীয় অনুষ্ঠানের ভাষণে এরদোয়ান বলেন, ‘জনাব ট্রাম্প, জেরুজালেম প্রশ্নে আপনার অবস্থান মুসলিমদের জন্য সীমা লঙ্ঘনের সামিল।’
জেরুজালেম ইস্যুতে মঙ্গলবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার শান্তি আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে মস্কোর সমর্থন রয়েছে। সেই আলোচনায় জেরুজালেমের বিষয়টিও উল্লেখ থাকবে।