ইয়েমেনের দক্ষিণাঞ্চলের সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা জাতিসংঘ সমর্থিত ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী অ্যাডেন দখল করেছে। মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়েছে, বন্দর নগরী অ্যাডেনের দখল নিতে সরকার ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে দুই দিন ধরে সংঘর্ষ চলছে। মঙ্গলবার বিচ্ছিন্নতাবাদীরা শহরটি দখল করলে দেশটির নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির সরকার প্রেসিডেন্ট প্রাসাদে অবরুদ্ধ হয়ে পড়েছে।
বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) নামে পরিচিত। এদেরকে সহযোগিতা করছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের অন্যতম মিত্র সংযুক্ত আরব আমিরাত। সৌদি নেতৃত্বাধীন এই জোট হাদি সরকারের সমর্থনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। হুথিরাই এখন ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে।
মঙ্গলবার এসটিসি বড় ধরনের যুদ্ধের পর সরকারের সুরক্ষাবাহিনীর কাছ থেকে উত্তর অ্যাডেনের দার সাদ এলাকা দখল করে নেয়। টানা দুইদিনের সংঘর্ষে এ পর্যন্ত ৩৬জন নিহত হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা রেডক্রস।
সামরিক সূত্রগুলো জানায়, দক্ষিণাঞ্চলীয় এই বন্দর নগরীতে ‘অভ্যুত্থান’ প্রচেষ্টার দ্বিতীয় দিনে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। দু’পক্ষই রাতভর ট্যাংক ও গোলা ব্যবহার করেছে।
সৌদি বার্তা সংস্থা এসপিএ জোটের বরাত দিয়ে জানিয়েছে, ‘জোট বাহিনী বিবদমান সব পক্ষকে অবিলম্বে অস্ত্রবিরতি ও সব ধরনের সশস্ত্র সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে জানানো হয়, ‘জোট বাহিনী অ্যাডেনের নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অঙ্গীকার করেছে।’