ইসরায়েলের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছে সিরিয়া। ইসরায়েলের পক্ষ থেকেও বিমানটি ধ্বংস হওয়ার কথা স্বীকার করা হয়েছে। সিরিয়ায় ইরানের একটি ড্রোন ভূপাতিত করে ইসরায়েলি হামলায় ১২ জনকে হত্যার পর এই বিমানটি ভূপাতিত করা হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সিরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের উত্তরাঞ্চলে একটি ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে।
এর আগে শনিবার সকালে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে সিরিয়া ও ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। ওই হামলায় ১২ জন নিহত হয়েছে।
ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিমানটি ভূপাতিত হলেও দুই পাইলট বেঁচে গেছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের অভ্যন্তরে বিমানটি ভূপাতিত হয়।
কয়েক দিন আগেও সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়।
মধ্যপ্রাচ্যভিত্তিক আধিপত্যের রাজনীতিতে ইসরায়েল আর ইরানের অবস্থান পরস্পরের বিপরীতে। সৌদি-ইসরায়েল মৈত্রী মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির অনুসারী। বিপরীতে ইরানের অবস্থান মার্কিন আধিপত্যের বিপরীতে। সিরিয়ায় মার্কিন আধিপত্যের বিরোধী হওয়ার কারণেই ইরান সিরীয় যুদ্ধে আসাদ সরকারের পক্ষে অবস্থান নিয়েছে। ইসরায়েল সবসময়ই তাদের ওপর ইরানি হামলার আশঙ্কার কথা প্রচার করে আসছে। গত বছরের ডিসেম্বরে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত যেকোনও সময় ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর হুমকি দেন।