গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা

অবরুদ্ধ গাজা উপত্যকায় ভূমি দিবসের শান্তিপূর্ণ বিক্ষোভে ইসরায়েলি সহিংসতার নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে বেশ কয়েকটি দেশ। শুক্রবার ভূমি দিবসে টানা ছয় সপ্তাহের বিক্ষোভের প্রথমদিনে ইসরায়েলি গুলিতে ১৬ ফিলিস্তিনি নিহত ও সহস্রাধিক আহত হয়েছেন।

279D48EE-C62B-4842-B789-138A5C83BDFD_cx0_cy1_cw0_w1023_r1_s

ইসরায়েলি সহিংসতার নিন্দা জানিয়েছে তুরস্ক, কুয়েত, কাতার, মিসর, মরক্কো ও আরবলীগ।

তুরস্কের প্রধানমন্ত্রী ইসরায়েলি সহিংসতার নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন ফিলিস্তিনিরা স্বাধীনতা ও স্বাধীন রাষ্ট্র অর্জন করবে।

ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে কুয়েত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এখবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কাতার।

নিন্দা জানিয়েছে মিসরের পররাষ্ট্রমন্ত্রী এবং আরবলীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত।

জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ শুক্রবার গাজায় ফিলিস্তিনি ও ইসরায়েলিবাহিনীর রক্তাক্ত সংঘর্ষের ঘটনায় স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আলোচনায় মার্কিন কূটনীতিক ওয়াল্টার মিলার উভয়পক্ষকে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের রাজনীতি বিষয়ক উপপ্রধান তায়ে-ব্রুক নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিকতার আইনে ইসরায়েলের এই সহিংসতা দায় নেওয়া উচিত। মারণাস্ত্র সর্বশেষ পদক্ষেপ হিসেবে ব্যবহার করা উচিত।

উল্লেখ্য, ভূমি দিবস উপলক্ষে টানা ছয় সপ্তাহের বিক্ষোভের প্রথমদিনে ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (৩০ মার্চ) গাজার ইসরায়েল সীমান্তের ছয়টি স্থানে এই বিক্ষোভ হয়। ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ নামের এই বিক্ষোভ চলাকালে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও কমপক্ষে ১৪০০ মানুষ আহত হয়েছেন। আর নিহতদের স্মরণে শনিবার একদিনের শোক ঘোষণা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সূত্র: টাইমস অব ইসরায়েল।সূত্র: আনাদোলু এজেন্সি।