গাজায় ভূমি দিবসের বিক্ষোভে ইসরায়েলি সহিংসতা নিয়ে কথার যুদ্ধে জড়িয়ে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। গাজায় ৬ সপ্তাহব্যাপী বিক্ষোভের প্রথমদিন শুক্রবার ইসরায়েলি সেনাদের গুলিতে ১৬ ফিলিস্তিনি নিহত ও সহস্রাধিক আহত হয়েছিলেন।
গাজাবাসীদের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনার মুখে উভয় দেশের নেতারা এই কথার যুদ্ধে জড়িয়ে পড়লেন।
রবিবার তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান নেতানিয়াহুকে 'সন্ত্রাসী' হিসেবে আখ্যায়িত করেন। টুইটারে নেতানিয়াহু তুরস্কের কাছ থেকে নৈতিক শিক্ষা নিতে অস্বীকৃতি এবং আঙ্কারার বিরুদ্ধে বিদেশে বেসামরিক নাগরিকদের হত্যা বোমা হামলা চালানোর অভিযোগ তোলার পর এই মন্তব্য করেন এরদোয়ান।
নেতানিয়াহু টুইটারে লিখেছিলেন, বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনীকে এমন কারও থেকে নৈতিক শিক্ষা নিতে হবে না যারা নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যা বোমা হামলা চালাচ্ছে কয়েক বছর ধরে।
এপ্রিল ফুল দিবসের কথা ইঙ্গিত করে নেতানিয়াহু আরও লিখেছেন, 'আঙ্কারায় এভাবেই ১ এপ্রিল ফুল পালন করা হয়'।
এর আগে নেতানিয়াহু এরদোয়ানের বিরুদ্ধে কুর্দি গ্রামবাসীর ওপর বোমা হামলার অভিযোগ এনেছিলেন। তিনি সিরিয়ার আফরিনে তুরস্কের অভিযানকে ইঙ্গিত করে এই কথা বলেছিলেন।
শুক্রবার গাজায় ইসরায়েলি হামলাকে এরদোয়ান ‘অমানবিক হামলা’ বলে আখ্যায়িত করেছিলেন। রবিবার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, এই যে নেতানিয়াহু! আপনি একজন দখলদার। আপনি যে ভূমিতে দাঁড়িয়ে আছেন সেটা দখলকরা ভূমি। একই সময়ে আপনি একজন সন্ত্রাসী।
শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর জেনারেল রনেন মানেলিস সাংবাদিকদের জানান, গাজা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হামাস জঙ্গি গোষ্ঠী ইসরায়েলে হামলার চালানোর জন্য বিক্ষোভকে কাজে লাগাচ্ছে।
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননও রক্তাক্ত সহিংসতার জন্য হামাসকে দায়ী করেছেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেজের পক্ষ থেকে শুক্রবারের সহিংসতায় স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বানও প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। সূত্র: বিবিসি।