গাজা সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে আরও দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। রবিবার মোহাম্মদ খালেদ (২০) ও বাহা আদেল রহমান নামে দুই ফিলিস্তিনি তরুণকে হত্যা করা হয় বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের খবর পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডলইস্ট মনিটর।
গত ৩০ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত অধিকৃত গাজা সীমান্তে ভূমি দিবস পালনে ফিলিস্তিনিদের ‘গ্রেট রিটার্ন অব মার্চ’ কর্মসূচিতে গুলি চালিয়ে প্রায় ৫০ জনকে হত্যা করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরায়েলের দখলদারিত্ব থেকে নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ইসরায়েলি সেনাদের হাতে ৬ ফিলিস্তিনি নিহত হন। ওই ঘটনার স্মরণে এই বছর টানা ছয় সপ্তাহের কর্মসূচি পালন করছে। আর প্রতি সপ্তাহে ফিলিস্তিনিদের অবস্থান কর্মসূচিতে গুলি চালিয়েছে ইসরায়েল।
রবিবারের ঘটনা সম্পর্কে ইসরায়েলের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গাজা সীমান্তের খান ইউনিস এলাকায় তিন সন্দেহভাজন সীমান্তের নিরাপত্তা অবকাঠামোর ক্ষতিসাধনের চেষ্টা করলে সেনা সদস্যরা গুলি ছোঁড়ে। সে সময় দুই সন্দেহভাজন নিহত হয়।
ফিলিস্তিনিদের ‘গ্রেট রিটার্ন অব মার্চ’ কর্মসূচিতে গুলি চালানোর কারণে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে ইসরায়েল। দাবি উঠেছে গুলির ঘটনা তদন্তের। তবে ইসরায়েল দাবি করছে, তাদের সেনা সদস্যরা সীমান্ত সুরক্ষার করছে। গুলির ঘটনা তখনই ঘটে যখন ওই সীমান্তের ক্ষতি সাধন অথবা সীমান্ত এলাকায় বিস্ফোরক বসানোর চেষ্টা করা হয়।