সিরিয়ার মানবিজ থেকে কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনায় সম্মত হয়েছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র। বুধবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এখবর জানিয়েছে।
কুর্দিদের পিপল’স প্রটেকশন ইউনিটসকে (ওয়াইপিজি) যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতায় ক্ষুব্ধ তুরস্ক। ওয়াইপিজিকে তুরস্ক দেশটিতে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) অংশ বলে মনে করে। আন্তর্জাতিক জোটের হয়ে সিরিয়ায় আইএসবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওয়াইপিজি। পিকেকে কয়েক দশক ধরে তুর্কিদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে আসছে।
তুরস্ক সীমান্তের কাছে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মানবিজের সংখ্যাগরিষ্ঠ জনগণ আরব। ওয়াইপিজি ও তাদের মিত্র সিরিয়ান ডিফেন্স ফোর্স ২০১৬ মানবিজ থেকে আইএসকে হটিয়ে দেয়।
আনাদোলু জানায়, ওয়াশিংটন ও আঙ্কারা মানবিজ থেকে ওয়াইপিজিকে সরিয়ে নিতে একটি কৌশলগত চুক্তিতে একমত হয়েছে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে চুক্তি স্বাক্ষরের একমাসের মধ্যে ওয়াইপিজি মানবিজ ত্যাগ করবে।
৪ জুন তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে পরিকল্পনার বিস্তারিত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে আনাদোলু।
প্রাথমিক পরিকল্পনা অনুসারে, চুক্তি স্বাক্ষরের ৪৫ দিন পর তুর্কি ও মার্কিন সেনারা শহরটির তত্ত্বাবধান শুরু করবে। দুই মাসের মধ্যে স্থানীয় প্রশাসন গড়ে তোলা হবে।
তবে মানবিজের স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও তুরস্কের সেনারা অস্থায়ীভাবে শহর নিয়ন্ত্রণের যে কতা তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলছেন সেটার সময় এখনও আসেনি ও বিশ্বাসযোগ্য নয়। সূত্র: মিডল ইস্ট আই।