উত্তর কোরিয়া সফরে যেতে চান সিরিয়ার আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ উত্তর কোরিয়া সফরে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। পিয়ং ইয়ংয়ে গিয়ে কিম জং উনের সঙ্গে দেখা করার এই ইচ্ছার কথা তিনি জানিয়েছেন গত বুধবার। আর রবিবার উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম রোডোং সিন্নাম এ খবর প্রচার করেছে। রুশ সংবাদ সংস্থা স্পুতনিক তাদের বরাতে লিখেছে, সিরিয়ায় নবনিযুক্ত উত্তর কোরীয় কূটনীতিকদের পরিচয়পত্র উপস্থাপন অনুষ্ঠানে আসাদ দেশটিতে সফরে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।

 

বাসার আল আসাদ উত্তর কোরীয় কূটনীতিকদের সঙ্গে কথা বলার সময় তার পিতা সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের কথা স্মরণ করেন। হাফিজ আল আসাদের উদ্যোগেই প্রথম উত্তর কোরিয়ার সঙ্গে সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার কথা উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, একদিন দুই কোরিয়া একত্রিত হবে।

একই সঙ্গে উত্তর কোরিয়ার রাজনৈতিক কর্তৃপক্ষকে সমর্থন দেওয়া ও দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার বিষয়ে তার দৃঢ় ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। স্পুতনিক লিখেছে, উত্তর কোরিয়া ও সিরিয়া দুই দেশই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের চাপের মুখে রয়েছে। রাসায়নিক হামলা চালানোর অভিযোগে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশ। গৃহযুদ্ধ চলা দেশটিতে যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীরাও রয়েছে। যুক্তরাষ্ট্র ২০১১ সালেই দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

অন্যদিকে উত্তর কোরিয়াকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ত্যাগে রাজি করাতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়াকে চাপে রাখতে এতদিন দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া যেমন চালিয়েছে দেশটি, তেমনি অবরোধ আরোপ করেছে উত্তর কোরিয়ার ওপর। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক অনুষ্ঠান নিয়ে জটিলতা দেখে দিলে ট্রাম্প কিম জং উনকে চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে ট্রাম্প লিখেছিলেন, তিনি চান না যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর ও বিশাল পরিমাণ পারমাণবিক অস্ত্রের মজুত ব্যবহার করার মতো পরিস্থিতিতে পড়তে হোক।